সময় কলকাতা ডেস্ক, ১৫ মার্চ: বুধবার নবান্ন সভাঘরে শিল্প সংক্রান্ত বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের একেবারে শেষে বড় ঘোষণা করলেন তিনি। বাংলার পর্যটন বিপণনের জন্য জনপ্রিয় অভিনেতা দেবকে বাংলার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক সম্মেলনের শেষ লগ্নে আচমকাই দেবের দিকে নজর পড়ে মুখ্যমন্ত্রীর। তখনই তিনি বলেন, দেব তুমি কিছু বলবে? তারপর নিজেই বলেন ‘তুমি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হও না বাপু’। মুখ্যমন্ত্রীর প্রস্তাব শুনে হতবাক হয়ে যান ঘাটালের সাংসদ।

সরকারিভাবে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউডের অভিনেতা শাহরুখ খান। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে প্রথমে অনেকেই ভেবেছিলেন শাহরুখ খানের স্থলাভিষিক্ত হচ্ছেন দেব। কিন্তু তা নয়। সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, ‘এমনিতে শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন। কিন্তু শাহরুখ তো খুব ব্যস্ত। তাই তুমি পর্যটনের অ্যাম্বাসেডর হয়ে যাও’। তারপর পর্যটন দফতরের সচিবকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই তোমরা টুরিজম ডিপার্টমেন্ট থেকে দেবকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করো তো’।

এরপর তিনি একটি রূপরেখাও তৈরি করে দেন এদিন। শাহরুখ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একটি বিজ্ঞাপণে শুটিং করেছিলেন। এরকমই আরেকটা বিজ্ঞাপণ করার কথা বলেন মুখ্যমন্ত্রী। চিত্র পরিচালক গৌতম ঘোষকেই এই বিজ্ঞাপণ তৈরির দায়িত্ব দেন তিনি। বলেন, ‘তুমি আরও দু’তিনজনকে নিয়ে কাজটা সামলে নিও’। ব্যাপারটা শুনে সম্মতিসূচক ঘাড় নাড়েন দেব, তাঁর মুখে তখন চওড়া হাসি।


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
অভিনেতাদের কাছে সেরা-টুকু নেওয়ার মাস্টার আর্ট ছিল সত্যজিৎ রায়ের জানা
পাটুলিতে শুট আউট, নিহত যুবক