Home » ইডি দফতরে হাজিরা এড়ালেন কেসিআর কন্যা

ইডি দফতরে হাজিরা এড়ালেন কেসিআর কন্যা

সময় কলকাতা ডেস্ক,১৬ মার্চঃ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দিলেন না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা। সূত্রের খবর, আগামী ১৪ মার্চ তাঁর মামলা সুপ্রিম কোর্টে শুনানি হবে। তারপর তিনি সিদ্ধান্ত নেবেন,ইডির কাছে যাবেন কিনা সে বিষয়ে। যদিও ইডির তলবের উপর বুধবার সুপ্রিম কোর্ট কোনও স্থগিতাদেশ জারি করেনি। গত শনিবারই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কন্যাকে টানা নয় ঘণ্টা ম্যারাথন জেরা করে ইডি আধিকারিকরা। কেসিআর দলের আশঙ্কা ছিল মণীশের পর এবার কবিতাকেও গ্রেফতার করতে পারে ইডি। সেই গ্রেফতারির ভয়েই কী কবিতা ইডি-র হাজিরা এড়ালেন? তা নিয়েই উঠছে প্রশ্ন।

সূত্রের খবর, আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার মুখোমুখি বসিয়ে কবিতাকে জেরা করা হতে পারে। এদিকে,দিল্লির আবগারি দুর্নীতিকাণ্ডে সিবিআই-এর পর গত সপ্তাহে ইডির হাতেও গ্রেফতার হয়েছে মণীশ সিসোদিয়া। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। জানা গিয়েছে,আগামী ২০ মার্চ পর্যন্ত মণীশ সিসোদিয়াকে রাখা হবে তিহাড় জেলে। ২১ মার্চ মণীশের সিবিআইয়ের মামলায় জামিনের আবেদনের শুনানি হবে।

প্রসঙ্গত,ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কবিতা, সাউথ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের প্রধান। দিল্লির আবগারি নীতি তৈরি এবং মদের ডিলার বাছাইয়ে মূলত দিল্লি এই প্রতিষ্ঠানটি প্রভাব খাটায় বলে অভিযোগ। প্রভাব খাটিয়ে তেলেঙ্গানার বেশ কয়েকজন মদ ব্যবসায়ীকে দিল্লিতে বড় বরাত পাইয়ে দিয়েছিল বলেই অভিযোগ জমা পড়ে ইডি ও সিবিআইয়ের কাছে। তদন্তকারীদের দাবি, বিনিময়ে ঘুষ বাবদ একশো কোটির বেশি টাকা ঢুকেছিল এই প্রতিষ্ঠানের কর্তাদের কাছে। তাদের আরও দাবি, সেখান থেকে ঘুষের টাকা যায় দিল্লির শাসক দল আপ আদমি পার্টির তহবিলে। তদন্তকারীরা খতিয়ে দেখছে কবিতার হাত হয়ে টাকার ভাগ ভারত রাষ্ট্র সমিতির তহবিলেও জমা হয়েছে কিনা।

About Post Author