সময় কলকাতা ডেস্ক,১৪ মার্চঃ খুব শীঘ্রই তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে চলেছে বঙ্গবাসী। এক ধাক্কায় অনেকটাই কমতে চলেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবারের থেকেই রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহ থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৫ থেকে ৭০ শতাংশ।

পূর্বাভাস বলছে, আজ দিনভর মেঘলা থাকবে আকাশ। শুক্রবারের মধ্যে রাজ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী এলাকায় শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা বাড়ছে। যার কারণে রাজ্যে ক্রমশই তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তের পরিস্থিতি। বৃহস্পতিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ দিনাজপুর,ঝাড়গ্রাম,বীরভূম,মুর্শিদাবাদ,পুরুলিয়া ও বাঁকুড়ায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া ইতিমধ্যেই পুরোপুরি পরিবর্তন হতে চলেছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি,কোচবিহার,উত্তর ও দক্ষিণ দিনাজপুর,মালদা,আলিপুরদুয়ারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।


More Stories
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন
জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ও সন্দেহভাজনদের আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস