সময় কলকাতা ডেস্ক,২৩ মার্চঃ মিলল না স্বস্তি,তিহার জেলেই ঠাঁই বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। ফের দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে অনুব্রতর জামিন সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি দীনেশ কুমার শর্মার এজলাসে। কিন্তু,এদিন বিচারপতি অনুপস্থিত থাকায় পিছিয়ে যায় জামিন মামলার শুনানি। কার্যত সেকারণেই আগামী ২৯ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে বলেই সূত্রের খবর। তবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকছেন অনুব্রত। এদিকে, গরুপাচার কাণ্ডে এবার আসানসোল সংশোধনাগারের সুপারেনটেনডেন্ট কৃপাময় নন্দীকে তলব করেছে ইডি। আগামী ৫ এপ্রিল তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে। সূত্রের খবর,ই-মেল মারফত আসানসোল সংশোধনাগারের সুপারেনটেনডেন্টকে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

উল্লেখ্য, গরুপাচার মামলায় ইতিমিধ্যেই দিল্লির তিহার জেলে ঠাঁই হয়েছে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের তাঁকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। গরু পাচারকাণ্ডের তদন্তে গত ৭ মার্চ অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়েছিলেন ইডি। তারপর থেকে ইডি হেফাজতেই ছিলেন অনুব্রত মণ্ডল। এই একই মামলায় গ্রেফতারির পর তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন ও হিসাবরক্ষক মণীশ কোঠারিও। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রতকে ৩ এপ্রিল ফের আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে। সূত্রের খবর,ওই দিনই অনুব্রতর সঙ্গে তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন একই পঞ্চায়েতে চাকরি করতেন অয়ন-শ্বেতা, সেখান থেকেই কী দুর্নীতি শুরু?

এদিকে, গরুপাচার কাণ্ডে দ্বিতীয়বারের জন্য ফের ইডি-র হাজিরা এড়িয়ে গিয়েছেন কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডল। সুকন্যা মণ্ডল হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই বার্তা দিয়েছেন তদন্তকারীরা। সুকন্যা ছাড়াও গরু পাচার মামলায় দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব করা হয়েছিল অনুব্রত কন্যার গাড়ির চালক, তৃণমূলের ছাত্র নেতা কৃপাময় ঘোষ, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত সিদ্ধার্থ মণ্ডল ও সঞ্জীব মজুমদারকেও। এর আগে গত সপ্তাহেই ইডি-র সদর দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডলের। কিন্তু স্বভাবসিদ্ধ ভাবে এদিনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান সুকন্যা। যা নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা।

আরও পড়ুন ‘মোদি’ পদবী নিয়ে মন্তব্যে বিপাকে রাহুল গান্ধী, ২ বছরের জেল কংগ্রেস সাংসদের
উল্লখ্যে,গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য। পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। কিন্তু সেসময় তিনি জানিয়েছিলেন, এই সব বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর বাবা ও হিসাবরক্ষকের কাছেই রয়েছে। কার্যত সেকারণেই এবার তিন জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান ইডি।


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব