সময় কলকাতা ডেস্ক, ২৫ মার্চ: হাওড়া স্টেশনের পর এবার কলকাতা স্টেশন। শহরে ফের উদ্ধার রাশি রাশি সোনা। এবার উদ্ধার হল প্রায় ৩ কেজি ওজনের সোনার বিস্কুট। এই ঘটনায় রেল পুলিশ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশের সন্দেহ কলকাতা থেকে রাজস্থান পাচারের উদ্দেশ্যেই এই বিপুল পরিমান সোনা নিয়ে যাওয়া হচ্ছিল।
আরও পড়ুন গরমে কীভাবে নেবেন আপনার শিশুর বাড়তি যত্ন? রইল টিপস
শিয়ালদা রেল পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে কলকাতা স্টেশনের উড়ালপুলে দুই ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করতে তাঁরা অসংলগ্ন উত্তর দিতে থাকেন। পরে তাঁদের থানায় নিয়ে গিয়েছিলাম ব্যাগ তল্লাশি করতেই সোনার বিস্কুট পাওয়া যায়। রেল পুলিশ জানিয়েছে ধৃত দুই ব্যক্তির নাম সুভাষ চন্দ্র এবং কামার দান। তাদের বাড়ি রাজস্থানে। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। কিন্তু ওই সোনার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তাঁরা। ফলে তাঁদের গ্রেফতার করা হয়।

ধৃতদের শুক্রবার শিয়ালদা আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। জানা গিয়েছে, এক একটি ১১৬ গ্রাম ওজনের মোট ৩০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যেগুলি খুব সুন্দরভাবে কাগজ দিয়ে মোড়ানো ছিল। পুলিশের অনুমান, সোনা রাজস্থানে পাচার করা হচ্ছিল। পুলিশের অনুমান, ধৃতরা সোনা পাচার চক্রের বাহকমাত্র, এই চক্রের মাথা নয়। ফলে ধৃতদের জেরা করে পাচার চক্রের পান্ডাদের কাছে পৌঁছতে চায় পুলিশ।

তদন্তে জানা গিয়েছে, ধৃত সুভাষ ও কামার যোধপুর এক্সপ্রেসে হাওড়া আসে। এরপর বড়বাজার থেকে সোনার বিস্কুট সংগ্রহ করে রাজস্থান নিয়ে যেত। বৃহস্পতিবার রাতের জয়পুরগামী অনন্যা এক্সপ্রেস ধরার কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই রেল পুলিশের হাতে ধরা পড়ে যায় তাঁরা। বড়বাজারের কোথা থেকে ওই সোনা তাঁরা সংগ্রহ করেছিলেন, তা জানার চেষ্টা চলছে। অনুমান করা হচ্ছে রাজস্থান হয়ে সোনা পাকিস্তানে পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারীদের।


More Stories
সরকারি খাদ্যসামগ্রী চোরাপাচার মধ্যমগ্রাম থেকে, তদন্তে স্বয়ং খাদ্যমন্ত্রী
নেপাল সীমান্তে ঠিক কোথায় ধরা পড়ল জাহাঙ্গীর?
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী