Home » মাঝ আকাশে আচমকা অসুস্থ পাইলট, বিমান নামালেন যাত্রী-পাইলট!

মাঝ আকাশে আচমকা অসুস্থ পাইলট, বিমান নামালেন যাত্রী-পাইলট!

অসুস্থ পাইলট

সময় কলকাতা ডেস্ক, ২৫ মার্চ:  বিমান তখন মাঝ আকাশে। তখনই অসুস্থ হয়ে পড়েন পাইলট। বিমান পরিচালনা করার মতো অবস্থাও ছিল না তাঁর। এয়ার ট্রাফিক কন্ট্রোল তখন বিমানটি ফিরিয়ে নিয়ে আসান নির্দেশ দিয়েছে। সহকারী পাইলট তখন অসহায়, কী ভাবে বিমান অবতরণ করবেন বুঝেই উঠতে পারছেন না। এই পরিস্থিতিতে ঈশ্বরের দূত হয়ে এগিয়ে এলেন যাত্রী আসনে থাকা অন্য বিমান সংস্থার এক পাইলট। তিনিই সহকারি পাইলটকে সঙ্গে নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করান। হাফ ছেড়ে বাঁচেন বিমানে থাকা যাত্রীরা। ঘটনাটি আমেরিকার।

আরও পড়ুন  কলকাতা স্টেশন থেকে উদ্ধার ২ কোটি টাকার সোনা! গ্রেফতার ২

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আমেরিকার সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান লাস ভেগাস থেকে ওহায়ো যাচ্ছিল। টেক অফের কিছু সময় পরেই বিমানের মূল পাইলট গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর যায় লাস ভেগাসের এয়ার ট্রাফিক কন্ট্রোলে। আধিকারিকরা বিমানটি ফিরিয়ে নিয়ে আসার নির্দেশ দেয়। কিন্তু পাইলট বিমান পরিচালনা করার মতো অবস্থায় ছিলেন না। এই পরিস্থিতিতে খবর ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যেও। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এই খবরে। কিন্তু ওই বিমানেই যাত্রা করছিলেন অন্য এক বিমান সংস্থার পাইলট। তিনিই এগিয়ে এসে বিমানকর্মীদের নিজের পরিচয় দেন। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি নিয়ে তিনিই সহকারি পাইলটকে সঙ্গে নিয়ে বিমানটি লাস ভেগাস ফিরিয়ে আনেন। এবং নিরাপদে বিমানটি অবতরণ করান।

আরও পড়ুন  গরমে কীভাবে নেবেন আপনার শিশুর বাড়তি যত্ন? রইল টিপস

সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, লাস ভেগাস থেকে ওহায়োর কলম্বাস বিমানবন্দরে যাওয়া সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটি আকাশে ছিল প্রায় ১ ঘণ্টা ১৭ মিনিট। বিমানের পাইলট বিমানটি টেক অফ করার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন। তাঁর পেটে যন্ত্রণা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যান। এই পরিস্থিতিতে বিমানের যাত্রী আসনে থাকা অন্য এক পাইলট এগিয়ে না এলে বড়সড় দুর্ঘটনায় পড়তে পারত বিমানটি। স্বভবতই পাইলট কীভাবে অসুস্থ হয়ে পড়লেন তা জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অপরদিকে, সাউথওয়েস্ট এয়ারলাইন্সের তরফে ওই উদ্ধারকারী পাইলটকে ধন্যবাদ জানিয়েছে। মাঝ আকাশে প্রায়ই বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যায় পড়েন পাইলটরা। তবে এভাবে পাইলট অসুস্থ হয়ে পড়া এবং বিমানেই থাকা অন্য পাইলটের এগিয়ে আসার ঘটনা অতি বিরল। যাত্রীদের দাবি, যদি ওই পাইলট বিমানের ভিতর না থাকতেন তবে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারতেন কিনা সন্দেহ।

About Post Author