Home » আসানসোল কম্বলকাণ্ডঃ ফের আদালতে পেশ জিতেন্দ্র তিওয়ারিকে

আসানসোল কম্বলকাণ্ডঃ ফের আদালতে পেশ জিতেন্দ্র তিওয়ারিকে

সময় কলকাতা ডেস্ক,২৮ মার্চঃ আসানসোল কম্বলকাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আট দিনের পুলিশি হেফাজত শেষে সোমবার আসানসোল আদালতে তোলা হয়। এদিন আদালতে জিতেন্দ্র নিজের সওয়াল নিজেই করেন। এরপরই তাঁকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার ফের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আদালতে তোলা হবে বলেই সূত্রের খবর। আসানসোল কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্টের ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ১৮ মার্চ গ্রেফতার করে পুলিশ। এরপর ১৯ মার্চ সকাল তাঁকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। এদিন মামলার শুনানি শেষে জিতেন্দ্রকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও এজলাসে তাঁর হয়ে কোনও আইনজীবী ওইদিন সওয়াল করেননি। এমনকী আদালতে জামিনেরও আবেদন করেননি তিনি। এ প্রসঙ্গে জিতেন্দ্র বিচারককে জানিয়েছিলেন, তিনি নিজেই লড়বেন নিজের মামলা। কার্যত সেকারণেই তিনি নিজে আদালতের সামনে ওইদিন জামিনের জন্য আবেদনও জানান। কিন্তু,বিচারক জামিন না মঞ্জুর  করে তাকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন   গরু পাচার মামলায় ফের বীরভূমের চালকল মালিককে তলব


উল্লেখ্য,আসানসোলে কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্টের ঘটনায় শনিবার ১৮ মার্চ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে দিল্লির উপকণ্ঠে নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। সূত্রের খবর,স্ত্রী চৈতালি তিওয়ারিকে নিয়ে আগ্রা থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় তাঁকে রাজ্য পুলিশ গ্রেফতার করে।

আরও পড়ুন    বেলুড় মঠ–শান্তিনিকেতন পরিদর্শনে রাষ্ট্রপতি, শহর জুড়ে কড়া নিরাপত্তা

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের রেলপারের রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা ও মেগা কম্বল বিতরণী অনুষ্ঠান হয়। বকলমে, এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। মৃত ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি পরের দিন আসানসোল উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে আসানসোল উত্তর থানার পুলিশ একটি মামলা করে। অনিচ্ছাকৃত খুন-সহ তিনটি ধারায় একটি এফআইআর হয়। তাতে জিতেন্দ্র তিওয়ারি, চৈতালি তিওয়ারি-সহ নির্দিষ্ট করে ১০ জনের নাম ছিল। জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৬ জন।

About Post Author