Home » বেলুড় মঠ–শান্তিনিকেতন পরিদর্শনে রাষ্ট্রপতি, শহর জুড়ে কড়া নিরাপত্তা

বেলুড় মঠ–শান্তিনিকেতন পরিদর্শনে রাষ্ট্রপতি, শহর জুড়ে কড়া নিরাপত্তা

সময় কলকাতা ডেস্ক,২৮ মার্চঃ দু’দিনের বঙ্গ সফরে সোমবার কলকাতায় এসেছে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে এলেন তিনি। রাষ্ট্রপতির দু’দিনের এই সফরে এদিন বিকেলে তাঁকে রাজ্য সরকারের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সোমবারের পর মঙ্গলবারও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একাধিক কর্মসূচি রয়েছে। এদিন সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যান বেলুড় মঠ দর্শনে। তারপর রেসকোর্সে ফিরে সেখান থেকে কপ্টারে চেপে বেলা ১২টা নাগাদ যাবেন শান্তিনিকেতনে। আর সেই কারণেই কলকাতা এবং হাওড়া শহরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে মঙ্গলবারও শহর কলকাতার একাধিক রাস্তা বন্ধ থাকবে।

আরও পড়ুন   বঙ্গ সফরে রাষ্ট্রপতি,বন্ধ থাকবে কলকাতার একাধিক রাস্তা! জেনে নিন বিকল্প রুট


সূত্রের খবর,কলকাতা থেকে বিশেষ নিরাপত্তায় শান্তিনিকেতনের বিনয় ভবন সংলগ্ন কুমিরডাঙার মাঠে পৌঁছবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কলাভবন, রবীন্দ্র ভবন ও আশ্রম প্রাঙ্গণ পরিদর্শনের পর এদিন দুপুর ৩টে নাগাদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। ইতিমধ্যেই রথীন্দ্র অতিথিগৃহে নিরামিষ পদের ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতির মধ্যাহ্নভোজের জন্য থাকছে বাঙালি পদ। মেনুতে থাকছে ভাত, রুটি, স্যালাড, আলুর চিপস্, মুগ ডাল, পোস্তর বড়া, পনির, ভেন্ডি ভাপা,পটলের দোরমা, মাশরুম মশালা, মিষ্টি দই, চিত্তরঞ্জন কেশর, রাজভোগ,চাটনি।

লালবাজারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে সকাল ১১টা ১৫ মিনিট পর্যন্ত এজেসি বোস রোড, এজেসি বোস উড়ালপুল এবং মা উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিন বেলা সাড়ে বারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত খিদিরপুর রোড, এজেসি বোস রোড, এটিএম রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিন দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত যান নিয়ন্ত্রিত করা হবে উত্তর এবং দক্ষিণমুখী রেড রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, গিরিশ পার্ক, এসপ্ল্যানেড মোড়, রানি রাসমণি অ্যাভিনিউ, রবীন্দ্র সরণি, সিআর অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিটে। পণ্যবাহী গাড়ির চলাচলও বন্ধ থাকবে এই দুদিন।

আরও পড়ুন    আজকের দিনের গুরুত্ব

দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত। ইতিমধ্যেই লালবাজারের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গিরিশ পার্ক- এসপ্ল্যানেড মোড় থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পরিবর্তে গাড়ি যাতায়াত করবে আমহার্স্ট স্ট্রিট-বিবি গাঙ্গুলি স্ট্রিট-নির্মল চন্দ্র স্ট্রিট অথবা এপিসি রোড-এজেসি বোস রোডে। আর বিকেলের পর রানি রাসমণি রোডের পরিবর্তে গাড়ি চলাচল করবে জওহরাল নেহরু রোড দিয়ে। রানি রাসমণি অ্যাভিনিউয়ের বদলে ব্যবহার করা যাবে স্ট্র্যান্ড রোডও।

About Post Author