Home » বঙ্গ সফরে রাষ্ট্রপতি,বন্ধ থাকবে কলকাতার একাধিক রাস্তা! জেনে নিন বিকল্প রুট

বঙ্গ সফরে রাষ্ট্রপতি,বন্ধ থাকবে কলকাতার একাধিক রাস্তা! জেনে নিন বিকল্প রুট

সময় কলকাতা ডেস্ক,২৭ মার্চঃ দু’দিনের বঙ্গ সফরে সোমবার কলকাতায় পা রাখলেন  দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে এলেন তিনি। রাষ্ট্রপতির দু’দিনের এই সফরে এদিন বিকেলে তাঁকে নাগরিক নাগরিক  সংবর্ধনা দিতে চলেছে রাজ্য সরকার। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেই সূত্রের খবর। রাষ্ট্রপতির দু’দিনের এই বঙ্গ সফরে একাধিক কর্মসূচি রয়েছে বলেই জানা গিয়েছে। কার্যত সেকারণেই কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে সোম এবং মঙ্গলবার শহর কলকাতার একাধিক রাস্তা বন্ধ থাকবে।

আরও পড়ুন   সপ্তাহের শুরুতেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস


লালবাজারের তরফে জানানো হয়েছে, সোমবার বেলা সাড়ে বারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত খিদিরপুর রোড, এজেসি বোস রোড, এটিএম রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিন দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত যান নিয়ন্ত্রিত করা হবে উত্তর এবং দক্ষিণমুখী রেড রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, গিরিশ পার্ক, এসপ্ল্যানেড মোড়, রানি রাসমণি অ্যাভিনিউ, রবীন্দ্র সরণি, সিআর অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিটে। পণ্যবাহী গাড়ির চলাচলও বন্ধ থাকবে এই দুদিন। এছাড়াও এদিন বিকেল সাড়ে চারটে থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে রানি রাসমণি অ্যাভিনিউ,অকল্যান্ড রোড এবং জওহরলাল নেহরু রোডে। দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন    দু’দিনের বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

অন্যদিকে,মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে সকাল ১১টা ১৫ মিনিট পর্যন্ত এজেসি বোস রোড, এজেসি বোস উড়ালপুল এবং মা উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। লালবাজারের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গিরিশ পার্ক- এসপ্ল্যানেড মোড় থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পরিবর্তে গাড়ি যাতায়াত করবে আমহার্স্ট স্ট্রিট-বিবি গাঙ্গুলি স্ট্রিট-নির্মল চন্দ্র স্ট্রিট অথবা এপিসি রোড-এজেসি বোস রোডে। আর বিকেলের পর রানি রাসমণি রোডের পরিবর্তে গাড়ি চলাচল করবে জওহরাল নেহরু রোড দিয়ে। রানি রাসমণি অ্যাভিনিউয়ের বদলে ব্যবহার করা যাবে স্ট্র্যান্ড রোডও।

About Post Author