সময় কলকাতা ডেস্ক,৬ এপ্রিল : সূর্যোদয়ের দেশ জাপানেও এবার “আর আর আর” সূর্যকিরণ ছড়াল।দেশ ছাড়িয়ে বিদেশে জয়ের নিশান আগেই উড়িয়েছিল “আর আর আর”। চলচ্চিত্রটি অস্কার না পেলেও, ‘নাটু নাটু ‘ গানের সুবাদে অস্কারের সঙ্গে আর আর আরের নাম জুড়ে গিয়েছিল আগেই। এবার জাপানেও রেকর্ড গড়ল “আর আর আর”। সাফল্যের পরে দর্শকদের ধন্যবাদ জানাতে ভুললেন না চলচ্চিত্রটির পরিচালক রাজামৌলি।

বলাবাহুল্য,পরিচালক এস এস রাজামৌলির ‘আর আর আর’ একের পর এক রেকর্ড ভাঙছে। শুধু ভারতেই এই সিনেমা প্রশংসা কুড়িয়েছে তা নয়, বিদেশের মাটিতেও সাফল্য অর্জন করেছে। গত বছর অক্টোবর মাস থেকে টানা জাপানের প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে এই ছবি। এবার সেখানেও নতুন রেকর্ড গড়ল। সূত্রের খবর, জাপানে এই ছবি ১ মিলিয়নেরও বেশি মানুষ প্রেক্ষাগৃহে এসে দেখে ফেলেছেন।

গত বছর অক্টোবর মাসে জাপানে মুক্তি পায় রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘আর আর আর’। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, ‘আর আর আর’ হচ্ছে প্রথম ভারতীয় ছবি যা জাপানে ১ মিলিয়নেরও বেশি দর্শক হলে গিয়ে দেখেছেন। ‘আর আর আর’ জাপানের ৪৪টি শহরজুড়ে ২০৯টি পর্দায় ও ৩১টি আইম্যাক্স স্ক্রিনে মুক্তি পায়। জাপানে সবচেয়ে বেশি ব্যবসা করা ভারতীয় ছবিও ‘আর আর আর’।

মঙ্গলবার ‘আর আর আর’ ছবির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে জানানো হয়েছে জাপানে প্রেক্ষাগৃহে ১৬৪ দিনে ‘আর আর আর’ ছবি ১ মিলিয়নের অধিক দর্শক টেনেছে।এখনও ছবিটি চলছে।

এদিন পরিচালক এস এস রাজামৌলি, নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জাপানের দর্শকদের ধন্যবাদ জানান। লেখেন, ‘জাপানি অনুরাগীদের থেকে ১ মিলিয়ন আলিঙ্গনের বর্ষণ।’ বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ‘আর আর আর’ এখনও সে দেশে ৮০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এবং দ্রুত তা ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে বলে আশা। জানুয়ারি মাসে জাপানের হলে ১০০ দিন পূর্ণ করে ফেলেছে এই ছবি। তবে শুধু জাপান নয়, পাশ্চাত্যেও এই ছবি সাড়া ফেলেছে। এই ছবির গান ‘নাটু নাটু’র হাত ধরে ভারতে প্রথম ‘গোল্ডেন গ্লোব’ অ্যাওয়ার্ড এসেছে। অন্যদিকে এই গানই এনেছে অস্কার। এই ছবিতে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম ও অল্লুরি সীতারাম রাজুর কাহিনি গল্পের আকারে তুলে ধরা হয়েছে। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই ছবি। দেশে তো বটেই, দেশের বাইরে এশিয়া বা ইউরোপে নজর কাড়া সাফল্য পাচ্ছে ‘আর আর আর। “রাজামৌলি বলতেই পারেন আর কী চাই!
আরও পড়ুন :অস্কার মঞ্চে জোড়া জয় ভারতের, প্রশংসায় পঞ্চমুখ মোদি


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত