Home » কেন অভিনেতাকে হুমকি চিঠি?

কেন অভিনেতাকে হুমকি চিঠি?

সময় কলকাতা ডেস্ক,৫ এপ্রিল :

অভিনেতা এবার নেতা হওয়ার আগেই দেখা দিয়েছে চাঞ্চল্য। অভিনেতা পেয়েছেন হুমকি চিঠি, এমন অভিযোগ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে । বিষয় রাজনৈতিক। অভিনেতা কিচ্চা সুদীপকে হুমকির পরিপ্রেক্ষিতে জোর শোরগোল পড়েছে অভিনয় জগত থেকে শুরু করে রাজনৈতিক পরিমন্ডলেও । আদতে হয়েছে কী?

বিজেপিতে যোগ দিতে পারেন অভিনেতা কিচ্চা সুদীপ । এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। এর জেরেই নাকি হুমকি চিঠি পেয়েছেন কন্নড় সুপারস্টার। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন অভিনেতা ।


উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে কর্ণাটকের কংগ্রেস প্রধান ডিকে শিবকুমার সুদীপের সঙ্গে দেখা করেছিলেন । সেই সময় তারকার কংগ্রেসে যোগদানের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও তারকার পক্ষ থেকে সেটিকে ব্যক্তিগত সাক্ষাৎ বলেই দাবি করা হয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগেই কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের দলে টানতে চাইছে গেরুয়া শিবির। তাই সুদীপকে নাকি বিজেপিতে যোগ দানের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনও তারকা বা কর্ণাটক বিজেপির পক্ষ থেকে কিছু ঘোষণা করা হয়নি।

তবে কর্নাটকে দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। তাই কেবল ঝাঁ চকচকে প্রচারেই সন্তুষ্ট থাকতে রাজি নন তাঁরা, সঙ্গে ‘তারকা শক্তি’দের রাজনীতির ময়দানে নিয়ে আসার চেষ্টা চলছে। যাতে জয়ের রাস্তা আরও মজবুত করা যায়। আর সে কারণেই নাকি কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে জনপ্রিয় কন্নড় চলচ্চিত্র তারকা, কিচ্চা সুদীপ এবং দর্শন তুগুদীপা বুধবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, কর্ণাটকের বেঙ্গালুরুর একটি বেসরকারি হোটেলে দুপুর দেড়টা ও দুপুর আড়াইটেয় পার্টিতে যোগ দেবেন দুই অভিনেতাই।সেই হিসেবে এটাই হবে জনপ্রিয় অভিনেতা কিচ্চা সুদীপের প্রথম রাজনৈতিক পথ চলা। জানা যাচ্ছে, গোটা রাজ্যেই বিজেপির হয়ে প্রচার চালাবেন সুদীপ, তবে অভিনেতার ফোকাস থাকবে কল্যাণ-কর্নাটক অঞ্চলে।

 

সূত্র মারফত খবর মিলছে, ‘তারা কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্বাই এবং অন্যান্য দলের নেতাদের উপস্থিতিতে দলে যোগ দেবেন’। মজার বিষয় হল, ফেব্রুয়ারিতে, কর্ণাটক কংগ্রেসের প্রধান ডিকে শিবকুমার সুদীপের সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন। সেই সময় জল্পনা ছড়িয়েছিল যে সুপারস্টার এবং বিরোধী দলের মধ্যে কিছু রাজনৈতিক আলোচনা চলছে।যদিও পরবর্তীতে সুদীপ ও ডিকে শিবকুমারের সহযোগীরা সাফ জানিয়েছিলেন যে, সে সাক্ষাৎ ছিল একান্ত ব্যক্তিগত। এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।

গুঞ্জনে গুঞ্জনে ছয়লাপ দশদিশা।গুঞ্জন ছড়িয়েছে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগেই গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন স্যান্ডেলউড স্টার। শোনা যাচ্ছে, এই রটনার পরই হুমকি চিঠি পেয়েছেন তারকা।সূত্রের খবর, চিঠিটি পেয়েছেন কিচ্চা সুদীপের ম্যানেজার জ্যাক মঞ্জু। আর সেই চিঠিতে অভিনেতার ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পরই বেঙ্গালুর থানায় অভিনেতার পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার প্রতাপ রেড্ডি বিষয়টি কেন্দ্রীয় ক্রাইম ব্রাঞ্চের কাছে পাঠিয়েছে।

কর্ণাটকের রাজনৈতিক আবহ এখন ঠিক কী? যদিও কর্ণাটকে ১০ মে ভোট এবং ১৩ মে ভোটের গণনা হওয়ার কথা রয়েছে। কংগ্রেস এবং জেডি(এস) ইতিমধ্যে যথাক্রমে ১২৪ এবং ৯৩ জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছে । কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্বাই জানিয়েছেন যে, ৮ এপ্রিল দলের কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত করার পরে বিজেপি তাদের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করবে। আর এরমধ্যেই রাজনৈতিক জগত তো বটেই, অভিনয় জগত সরগরম হুমকি চিঠি ঘিরে ।  এই ঘটনার কেন্দ্রে বিচরণ করছেন কিচ্চা সুদীপ।

About Post Author