Home » নববর্ষের মধ্যাহ্নভোজে বানিয়ে ফেলুন লোভনীয় দক্ষিণী মালাবার মটন!

নববর্ষের মধ্যাহ্নভোজে বানিয়ে ফেলুন লোভনীয় দক্ষিণী মালাবার মটন!

সময় কলকাতা ডেস্ক, ১৪ এপ্রিল: মটন চিরকালই বাঙালির বড্ড প্রিয়। আর নববর্ষে বাঙ্গালির পাতে মটন থাকবে না,তা আবার হয় নাকি? মটন ছাড়া বাঙালির নববর্ষ যেন অসম্পূর্ণ। চেনা খাবারের অচেনা স্বাদ পেতে কে না চায়। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই নববর্ষের দিন পরিবারের সদস্যদের চমক দিতে মধ্যাহ্নভোজের  ভূরিভোজে বানিয়ে ফেলুন দক্ষিণী মালাবার মটন।


উপকরণ
খাসির মাংস- ১ কেজি
গোটা ধনে-২ টেবিল চামচ
শুকনো লঙ্কা-৪টি
গোটা গোলমরিচ-১ টেবিল চামচ
নারকেল কোরা-১ কাপ
আদা বাটা-১ চা চামচ
রসুন বাটা-১ চা চামচ
কাঁচা লঙ্কা- ৪টি

কারি পাতা-১০-১২টি
পেঁয়াজ-৪টি
হলুদ গুঁড়ো-১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
পাতিলেবু-১টি
তেল-আধ কাপ
নুন-স্বাদ মতো


রন্ধন প্রণালী
প্রথমে কড়াইয়ে অল্প তেল গরম করে গোটা ধনে, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিন। এতে নারকেল কোরা দিয়ে ঢিমে আঁচে পাঁচ মিনিট নাড়াচাড়া করুন। এবার মশলা দেওয়া নারকেল কোরা নামিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে বা শিলে বেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে কারি পাতা ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে চেরা কাঁচা লঙ্কা, মাংসের টুকরো দিয়ে দিন। তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর পাতিলেবুর রস দিয়ে নাড়তে থাকুন। এরপর পিষে রাখা মশলা কড়াইয়ে দিয়ে দিন। দরকারে সামান্য জলও আপনি দিতে পারেন। ভাল করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে চাপা দিন। গ্রেভি থেকে তেল বেরোতে শুরু করলে আরও মিনিট পাঁচেক দমে রেখে নামিয়ে নিন। ভাত কিংবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন দক্ষিণী মালাবার মটন।

About Post Author