সময় কলকাতা ডেস্ক, ২১ এপ্রিল : প্রয়াত হলেন রাজনীতিবিদ ও সিপিআইএম এর রাজ্যের প্রাক্তন বাম বিধায়ক মদন ঘোষ। শুক্রবার সকাল ৭টা ১০ মিনিট নাগাদ মদন বাবু নিজ বাসভবন বর্ধমানে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন থেকেই বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম, সুজন ভট্টাচার্য, রবীন দেব সহ বামেদের নেতৃত্বরা।

জানা গিয়েছে, এদিনই বর্ধমানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। মদন ঘোষের অন্তিম যাত্রায় উপস্থিত থাকবেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলা কমিটির পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়েছে মদন বাবুর মরদেহ। সেখানে বিকাল ৪ টে পর্যন্ত শায়িত থাকবেন তিনি। এরপর ৪ টের সময় শোক মিছিল করে তাঁর দেহ দান করা হবে বর্ধমান মেডিক্যাল কলেজে।

সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন মদন ঘোষ। এছাড়াও দীর্ঘদিন থেকে বর্ধমানের জেলা কমিটির সদস্য ছিলেন। বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির দায়িত্বও পালন করেছেন তিনি। সিপিআইএম এর কৃষক সভার গুরুত্বপূর্ণ পদেও নিয়োজিত ছিলেন। এরকম সুদক্ষ একজন রাজনীতিবিদের চলে যাওয়াতে শোকের ছায়া বিভিন্ন রাজনীতিবিদদের মধ্যে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান