সময় কলকাতা ডেস্ক, ২২ এপ্রিল: শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে ইদ-উল-ফিতর। শুক্রবারই দেখা গিয়েছিল ইদের চাঁদ। পবিত্র রমজান মাসের শেষে উৎসবে মেতে উঠেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। ইতিমধ্যেই দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতায় রেড রোডে ইদের নামাজ পড়ার বন্দোবস্ত করা হয়। প্রতি বছরের মতো এই বছরেও সেই প্রার্থনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই দেশবাসীকে পবিত্র ইদ উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। উৎসবের আবহে কোথাও যেন কোন অনভিপ্রেত ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে গোটা শহর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। শহর জুড়ে সাড়ে তিন হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবে বলে জানা গেছে। রাস্তায় রাস্তায় পুলিশ পিকেটও থাকবে।
আরও পড়ুন মুক্তি পাচ্ছে ‘ড্রিম গার্ল ২’,বিশেষ চরিত্রে দেখা যাবে সলমন খানকে

কলকাতার নাখোদা হোক বা দিল্লির জামা মসজিদ, ইদ উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে সমস্ত মসজিদ। শনিবার ইদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। টুইটে তিনি লেখেন,‘সকল দেশবাসীকে বিশেষ করে মুসলিম ভাই-বোনদের ইদ-উল-ফিতরের শুভেচ্ছা। ইদ হল ভালোবাসা ও সহানুভূতির উৎসব। ইদ অন্যকে সাহায্য করার বার্তা দেয়। উৎসবের এউ শুভ মুহূর্তে, আসুন আমরা সবাই ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির পথে সমাজকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি।’

এদিকে, ইদ উপলক্ষে সাধারণ মানুষের সুবিধার জন্য শনি ও রবিবার অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের তরফে জানানো হয়েছে, ২১ ও ২২ এপ্রিল রাতে শিয়ালদহ থেকে মুর্শিদাবাদের কৃষ্ণপুর পর্যন্ত বিশেষ ট্রেন দেওয়া হয়েছে। শিয়ালদহ -কৃষ্ণপুর মেমু স্পেশাল ট্রেন ছাড়বে শুক্রবার রাত ৯ টা ৩৮ মিনিটে। কৃষ্ণপুরে পৌঁছবে রাত ২ টো ৩৫ মিনিটে। পরের দিন অর্থাৎ শনিবার সকাল ১০ টা ১০ মিনিটে কৃষ্ণপুর থেকে ট্রেন ছাড়বে। শিয়ালদহ পৌঁছবে দুপুর ৩ টে ২০ মিনিটে।


More Stories
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী