সময় কলকাতা ডেস্ক, ২২ এপ্রিল: এবার সিবিআই তলবের মুখে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। সূত্রের খবর, রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স দুর্নীতি মামলার সাক্ষী হিসেবে জেরা করার জন্য আগামী ২৮ এপ্রিল তাঁকে তলব করেছে সিবিআই। ২০১৮ সালের ২৩ আগস্ট জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হয়েছিলেন সত্যপাল মালিক। ওই পদে তিনি ছিলেন ২০১৯ সালের ৩০ অক্টোবর পর্যন্ত। তারপর গোয়া এবং মেঘালয় সহ আরও দুই রাজ্যের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন তিনি। ইতিমধ্যেই সত্যপাল জানিয়েছেন, বীমা সংস্থাটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি নিজেও সমস্ত ফাইল খতিয়ে দেখেছিলেন এবং তাঁর মনে হয়েছিল সমস্ত অভিযোগই ঠিক।

ভুলভাবে সংস্থাটির সঙ্গে চুক্তি করা হয়েছিল বুঝতে পারার পর সেই চুক্তি তিনি বাতিল করে দেন বলে জানিয়েছিলেন সত্যপাল। সেই ঘটনার তদন্তের জন্য গত বছরের সেপ্টেম্বর মাসেও প্রাক্তন রাজ্যপালের সঙ্গে কথা বলেছিল সিবিআই। তারপর ফের আরও কিছু প্রশ্নের সদুত্তর পেতে ফের তাঁকে ডেকে পাঠাল কেন্দ্রীয় সংস্থা। কয়েকদিন আগেই ২০১৯ এর পুলওয়ামা হামলা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সত্যপাল মালিক। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, নিরাপত্তা সংক্রান্ত ত্রুটির কারণেই পুলওয়ামার ঘটনা ঘটেছিল যেখানে ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ এই খাবার খান
উল্লেখ্য,২০১৮ সালে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন শিল্পপতি অনিল অম্বানির মালিকানাধীন সংস্থা, রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের একটি চুক্তি বাতিল করেছিলেন সত্যপাল মালিক। সিবিআই এফআইআরে বলা হয়েছে যে, জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মীদের এবং তাদের পরিবারের জন্য একটি স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করার ক্ষেত্রে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে নাম রয়েছে ট্রিনিটি রিইন্স্যুরেন্স ব্রোকার্স এবং রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির