সময় কলকাতা ডেস্ক, ২৭ এপ্রিল: গরুপাচার মামলায় এবার ইডির হাতে গ্রেফতার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। বুধবার দিল্লিতে দীর্ঘ জেরার পর সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এদিন সকালে দিল্লিতে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। সকাল থেকে দীর্ঘ জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় গত বছরের আগস্টে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। আসানসোল বিশেষ সংশোধনাগারের পর তাঁর বর্তমান ঠিকানা দিল্লি। গ্রেফতারির পর থেকে নামে বেনামে অনুব্রতর একাধিক সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা। সুকন্যার নামেও বহু সম্পত্তির খোঁজ মিলেছে। সুকন্যাকে জেরা করার জন্য এর আগেও তিন দফায় দিল্লিতে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু তিনবারই তিনি হাজিরা এড়িয়ে যান। বুধবার ফের তাঁকে তলব করা হয়েছিল। এদিন হাজিরা দিলেও ইডির একাধিক প্রশ্নের সদুত্তর তিনি দেননি বলে খবর ইডি সূত্র। জানা গিয়েছে, সুকন্যাকে তাঁর সম্পত্তি নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছিল। কিন্তু সব প্রশ্নেই তিনি বাবা অনুব্রত মণ্ডল বা হিসাবরক্ষক মণীশ কোঠারি জানেন বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। প্রশ্নের সদুত্তর না পেয়েই শেষে সুকন্যাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন বিজ্ঞাপনে বাঙালিদের অপমান ! ফের আইনি বিতর্কে জড়ালেন নওয়াজ

উল্লখ্যে,গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য। পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। কিন্তু সেসময় তিনি জানিয়েছিলেন, এই সব বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর বাবা ও হিসাবরক্ষকের কাছেই রয়েছে।

এদিকে, গত মাসেই গরু পাচার মামলায় সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে তলব করেছিল ইডি। সূত্রের খবর,বয়ানে একাধিক অসঙ্গতি থাকার কারণে মহম্মদ আলিকে দ্বিতীয়বারও তলব করা হয়েছে। এর আগে গরু পাচার মামলায় সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে দু’দফায় প্রায় নয় ঘণ্টা ধরে তাঁকে ম্যারাথন জেরা করে ইডি। ইডি-র দাবি, পাচারকারীদের সাহায্যের জন্য মোটা অঙ্কের ‘প্রোটেকশন মানি’ পেতেন সিউড়ি থানার আইসি মহম্মদ আলি। এমনকী তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বেশ কিছু সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। কার্যত সেকারণেই তাঁকে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সূত্র মারফত জানা গিয়েছে,গরু পাচার চক্রের সঙ্গে যে মোটা অঙ্কের কালো টাকা জড়িয়ে রয়েছে,সেই কালো টাকা কীভাবে সাদা করা হত, তা জানতেই ফের তলব করা হয়েছে। এই গরু পাচারের টাকা কোন পথে ঘোরানো হত, কোন সংস্থায় কত টাকা বিনিয়োগ করা হয়েছে,কার নির্দেশ মতো এই টাকা বিনিয়োগ হয়েছে, সেইসব বিষয়ে জানতেই শনিবার সিউড়ি থানার আইসি মহম্মদ শেখ আলিকে তলব করা হয়েছিল বলেই সূত্রের খবর।


More Stories
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫