Home » বানিয়ে ফেলুন আম দিয়ে সর্ষে ভেটকি

বানিয়ে ফেলুন আম দিয়ে সর্ষে ভেটকি

একঘেঁয়ে ভেটকীর পাতুরি বা ফিশ ফ্রাই নয়,এবার বানিয়ে ফেলুন আম দিয়ে সর্ষে ভেটকি রইলো রেসিপি……….

সময় কলকাতা ডেস্ক, ৩০ এপ্রিল : গরম মানেই আমের মরশুম। আমের চাটনি বা আচার কতই না খেয়েছেন ! এবার বানিয়ে ফেলুন আম দিয়ে সর্ষে ভেটকি। একবার খেলে এই স্বাদ ভোলা খুব কঠিন। বাঙালি মাত্রই ভোজনরসিক। চলতি প্রবাদ রয়েছে – ‘মাছে ভাতে বাঙালি’। তা ইলিশ হোক বা চিংড়ি বাঙালির পাতে সব পদই সমান গুরুত্ব পায়। ভেটকি দিয়ে সাধারণত ফিশ ফ্রাই, কালিয়া, পাতুরি হয়ে থাকে। কিন্তু বিশেষ আকর্ষণ হিসেবে রইল ভেটকির এই পদ। কিন্তু ভাবছেন কীভাবে বানাবেন ? তাহলে আর দেরি নয় চলুন দেখে নেওয়া আম দিয়ে সর্ষে ভেটকি বানানোর পদ্ধতি।

উপকরণ :

৬-৭ পিস ভেটকি মাছ, সঙ্গে লাগবে ৩-৪ চামচ কাঁচা আম বাটা, ২ চামচ টকদই, পরিমাণমত সর্ষে তেল, ১ চামচ হলুদ গুঁড়ো, স্বাদমত নুন, এছাড়া লাগবে কালো সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা বাটা। পারলে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা নিয়ে নেবেন।

রন্ধন প্রণালী :

সবার আগে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইতে সর্ষের তেল যোগ করুন।কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে একটি পাত্রে তুলে রাখুন।এবার ওই তেলেই সর্ষে বাটা, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ ভালভাবে নাড়াচাড়া করুন। এবার একে একে মিশ্রণটিতে দিন দই, নুন, হলুদ গুঁড়ো। মশলা ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়া শুরু করলে তাতে দিয়ে দিন কাঁচা আম বাটা। পরিমাণমত গরম জল দিয়ে মিশিয়ে নিন। পুরোটা ভালো করে মিশিয়ে দিন। ঝোল ফুটে উঠলে এবার তাতে মাছগুলো দিয়ে দিন। এতে চেরা কাঁচা লঙ্কা যোগ করে তা ঢাকা দিয়ে রাখুন। কিছুক্ষন ফুটে উঠলে একটু মাখা মাখা হলে তাতে প্রয়োজন মত জল দিন।ব্যাস গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ।।

About Post Author