Home » আইপিএলে মুখোমুখি দিল্লি ও চেন্নাই : জিতবে কে?

আইপিএলে মুখোমুখি দিল্লি ও চেন্নাই : জিতবে কে?

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,১০ মে : আইপিএলের গ্ৰুপ লীগ যত শেষের দিকে এগোচ্ছে তত প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে।প্রতিটি হার-জয়ে আইপিএলে পয়েন্ট টেবিলে দল গুলির অবস্থান বদলাচ্ছে সাপ লুডোর মত। এরকম আবহে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে এবারের আইপিএলের ৫৫ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস।মুখোমুখি প্রাক্তন ভারত অধিনায়ক ক্যাপ্টেন কুল ও প্রাক্তন অজি ক্যাপ্টেন ওয়ার্নার। ধোনি ও ওয়ার্নার টি টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে অধিনায়কত্ব করার ক্ষেত্রে অসামান্য সাফল্য দেখিয়েছেন। তবে ইদানীং দিল্লি সেনাপতি ওয়ার্নারের সময়টা ভালো যাচ্ছে না।এই ম্যাচে নিশ্চিতভাবে ফেবারিট হিসেবে চেন্নাই মাঠে নামতে চলেছে যদিও শেষ কয়েকটি ম্যাচে দিল্লির পারফরমেন্সে উন্নতি ঘটেছে। গত ম্যাচে তারা অবলীলায় হারিয়েছে ব্যাঙ্গালোরকে। বুধবার খেলার ফলাফল পয়েন্ট টেবিলে লাস্ট বয় দিল্লির পক্ষে গেলে দিল্লি পয়েন্ট তালিকা এক ধাপ এগিয়ে যাবে।অন্যদিকে  এ ম্যাচে জিতলে সেকেন্ড বয় চেন্নাইয়ের পয়েন্ট টেবিলে অবস্থানের পরিবর্তন না ঘটলেও শেষ চারে যাওয়ার লড়াইয়ে চেন্নাই অনেকটাই এগিয়ে যাবে।

এবার চিদাম্বরমে যে পাঁচটি খেলা হয়েছে সেই ম্যাচগুলিতে পরে ব্যাট করেছে যে দল তারা তিনবার জিতেছে। প্রথমে ব্যাট যারা করেছে তাদের গড় রান ১৭৩। অর্থাৎ এই পিচে ১৮০ থেকে ২০০ রান যথেষ্ট ভালো রান বলে বিবেচিত হতে পারে।তবে এখানে টসে জেতাকে বিরাট ফ্যাক্টর বলে মানতে নারাজ বিশেষজ্ঞরা।

ডেভিড ওয়ার্ণার, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ঈশান্ত শর্মা সমৃদ্ধ দল খাতায় কলমে যতটাই শক্তিশালী হোক, ক্যাপ্টেন কুলের নেতৃত্বাধীন চেন্নাই দল ব্যাট ও বলে ওপেনিং, মিডল অর্ডার, পেস বা স্পিন সমীহ জাগাতে বাধ্য। তবে সবচেয়ে ভালো ফর্মে রয়েছেন ওপেনার ডেভন কনওয়ে এবং পেসার তুষার দেশপান্ডে।কনওয়ে ৪৫৮ রান করে ফেলেছেন, তুষার দেশপান্ডের সংগ্রহ ১৯ টি উইকেট। ভালো ফর্মে রয়েছেন পথিরানা,রাহানে, জাদেজা ও শিবম দুবে। ফলে এগিয়ে থেকেই ঘরের মাঠে নামছে সিএসকে। তবে শেষ ম্যাচে দিল্লির সল্ট, রুশো, অক্ষরদের ফর্ম  দিল্লিকে আশা দিতেই পারে।ডু অর ডাই সিচুয়েশনে মাঠে নামা দিল্লি জানে বুধবার হারলেই এবারের আইপিএলে তাদের পালা শেষ।১০ দিন পরে আবার দেখা হবে দুদলের। এই ম্যাচ তাই দিল্লির কাছে কার্যত কোয়ার্টার ফাইনাল ম্যাচ।।।

আরও পড়ুন :ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার এবার ইস্টবেঙ্গলে

About Post Author