Home » খড়দহ স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ জনের

খড়দহ স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ জনের

সময় কলকাতা ডেস্ক, ১৪ মেঃ খড়দহ স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ জনের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খড়দহ স্টেশন চত্বরে। ঘটনার খবর পাওয়া মাত্রই মৃতদেহ উদ্ধার করে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠায় রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে খবর, রহড়ার বাসিন্দা রিতা চক্রবর্তী পেশায় পরিচারিকার কাজ করতেন। শনিবার তিনি খড়দহ স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম থেকে ১ নম্বর প্লাটফর্মের দিকে রেল লাইন পার হচ্ছিলেন।

সেই সময় ৩ নম্বর রেললাইনে ট্রেন ছিল। সেই দেখে স্টেশনে থাকা যাত্রীরা চিৎকার করে সতর্ক করতে যান ওই মহিলাকে। কিন্তু রিতা চক্রবর্তী তা শুনতে পাননি। কার্যত সেকারণেই প্লাটফর্মে থাকা বেলঘরিয়ার বাসিন্দা মহম্মদ রিজওয়ান রিতা চক্রবর্তীকে রেললাইন থেকে সরাতে যান। কিন্তু ততক্ষণে প্লাটফর্মে ট্রেন এসে যায় এবং দুইজনেই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় প্ল্যাটফর্ম চত্বরে। এরপর রেল পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ গুলি উদ্ধার করে রেললাইন থেকে সরিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন   জন্ম শতবর্ষে ফিরে দেখা ‘সংলাপের জাদুকর’–কে

এ বিষয়ে খড়দহের বাসিন্দা তথা বিজেপি নেতা জয় সাহা জানান,‘ কোন মৃত্যুই কাম্য নয়,যেকোন মৃত্যুই শোকের। কিন্তু খড়দহে প্রতিবার রাজনৈতিক নেতারা ভোটে দাঁড়ানোর আগে কথা দেন যে খড়দহ স্টেশনে রেলওয়ে ওভারব্রিজ তৈরি করা হবে। কিন্তু ভোটে জেতার পরে সেই সব প্রতিশ্রুতিগুলি তারা ভুলে যান। একমাত্র খড়দহ স্টেশনেই কোনরকম কোন ওভারব্রিজ বা সাবওয়ে নেই। প্রতিদিন লক্ষাধিক মানুষকে প্রাণ হাতে নিয়ে রেললাইন পারাপার করতে হয়। আর কতদিন এইভাবে রেললাইন পারাপার করতে গিয়ে মানুষজনকে প্রাণ হারাতে হবে, এই বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

About Post Author