সময় কলকাতা ডেস্ক, ১৩ মেঃ পাঁচ মাসের মধ্যে দু’টি রাজ্য বিজেপির থেকে ছিনিয়ে নিল কংগ্রেস। গত ডিসেম্বরে হিমাচলপ্রদেশ এবং এই মে মাসে কর্নাটক। ‘এভাবেও ফিরে আসা যায়’! ম্যাজিক ফিগার ছাড়িয়ে কর্নাটকে একক সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস। ২২৪ আসনের মধ্যে ১৩৪ টি আসনে জয়ী কংগ্রেস। বিজেপির ঝুলিতে ৬৫টি আসন। জেডিএসের হাতে ১৯ টি আসন এবং অন্যান্যরা পেয়েছে ৪ টি আসন। নির্বাচনী সমীক্ষায় আগে থেকেই দৌড়ে এগিয়েছিল কংগ্রেস। তবে বিজেপি মাঠে মাজিমাত করে ফেলতেও পারে বলে আশা ছিল গেরুয়া শিবিরের কর্মীদের।

কিন্তু শনিবার সকালে ভোটগণনার শুরু থেকেই বোঝা যায়, খেলা ঘুরতে চলেছে। একেবারে শুরুতে কংগ্রেস এবং বিজেপি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও, মুহূর্তে বিজেপি-কে পিছনে ফেলে ঢের এগিয়ে যায় কংগ্রেস। ইতিমধ্যে, কংগ্রেসের জয়ী বিধায়কদের অবিলম্বে জয়ের সার্টিফিকেট নিয়ে বেঙ্গালুরু আসতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রবিবার জয়ী বিধায়কদের বৈঠক হতে পারে। এর জন্য ইতিমধ্যেই পাঁচতারা হোটেলে ঘর বুক করা হয়ে গিয়েছে।

এদিন সকাল থেকেই দিল্লিতে কংগ্রেস সদর দফতরের লনে ঢাকঢোল বাজিয়ে কংগ্রেস সমর্থকদের উল্লাসের ছবি প্রকাশ্যে আসল। বেলা যত বাড়ছে তত দেখা যাচ্ছে কংগ্রেস অফিসের বাইরে লোক বাড়ছে। চলছে উৎসব। পটকা ফাটিয়ে, বাজনা বাজিয়ে, মিষ্টি বিতরণ চলছে। কর্নাটক প্রদেশ কংগ্রেস দফতরে একসঙ্গে যেন দীপাবলি আর হোলি চলছে। জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তেই। একদিকে আবির উড়ছে অন্য দিকে বাজি পুড়ছে। জয়ের ব্যাপারে উচ্ছ্বসিত কংগ্রেস নেতা রাহুল গান্ধি। নিজের মাটিতে জয়ের বিশয়ে উচ্ছ্বসিত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
আরও পড়ুন কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, কে হাসবে জয়ের হাসি?

গত সাত-আট বছরে দেশের রাজনীতিতে রিসর্ট রাজনীতি নতুন নয়। এর আগে মধ্যপ্রদেশ, রাজস্থানে এই ছবি দেখা গিয়েছিল। কর্নাটকের ভাঙা-গড়ার সময়েও রিসর্ট রাজনীতি চর্চায় এসেছিল। এবার ফল ঘোষণার আগেই সেই বন্দোবস্ত করে ফেলল কংগ্রেস। শনিবার কাকভোরে সিদ্দারামাইয়ার বাড়ি থেকে বৈঠক করে বের হন কর্নাটকের কংগ্রেস সভাপতি শিবকুমার। সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, ‘আমরা সমস্ত বন্দোবস্ত রাখছি। অবস্থা অনুযায়ী পদক্ষেপ করব।’ শনিবার প্রথম দেড় ঘণ্টার ট্রেন্ড দেখে বোঝাই গিয়েছিল, কংগ্রেস অনেকটাই ভাল ফল করবে। হলও তাই। এহেন পরিস্থিতিতে এদিন রাহুলের সেই হাঁটার ছবি দিয়ে কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডল লেখা হল —‘আমি অপরাজেয়, আমি আত্মবিশ্বাসী। এবং হ্যাঁ, আজকে আমি অপ্রতিরোধ্য।’


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?