Home » মুখ্যমন্ত্রীর পাড়ায় হ্যারিকেন মিছিলের রুট বদলে দিল হাইকোর্ট

মুখ্যমন্ত্রীর পাড়ায় হ্যারিকেন মিছিলের রুট বদলে দিল হাইকোর্ট

সময় কলকাতা ডেস্ক, ১৭ মেঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় হ্যারিকেন হাতে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার সেই মিছিলের অনুমতি দিয়েছিলেন। মঙ্গলবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য সরকার। মঙ্গলবার দুপুরে ডিভিশন বেঞ্চ, সেই মিছিলের রুট বদলে দিল। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, হরিশ মুখার্জি রোড দিয়ে ওই সময়ে মিছিল করা যাবে না।

গ্রুপ ডি-তে বঞ্চিতরা, আগামী ১৭ মে সন্ধ্যা ৬টা থেকে ৮টা অবধি মিছিল করার কর্মসূচি নিয়েছে। শহিদ মিনার থেকে শুরু করে সেই মিছিল শেষ হবে কালীঘাট থানার কাছে। আগে এই মিছিল শহিদ মিনার হয়ে হরিশ মুখার্জি রোড ধরে কালীঘাট থানার কাছে পৌঁছনোর কথা ছিল। অর্থাৎ সেই মিছিল যেত মমতার পাড়ার মধ্যে দিয়ে। পুলিশ সেই মিছিলের রুটে আপত্তি জানায়। সিঙ্গল বেঞ্চ যদিও পুলিশের আপত্তি মানেনি। মুখ্যমন্ত্রীর পাড়া দিয়েই মিছিল করার অনুমতি দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য সরকার। মঙ্গলবার দুপুরে ডিভিশন বেঞ্চ সেই মিছিলের রুট বদলে দিল।

আরও পড়ুন    জন্মদিনের আগে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী কৌশানী

উল্লেখ্য,এর আগে ২০১৬ সালে গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। চাকরিপ্রার্থীদের অভিযোগ ছিল, যোগ্যদের সরিয়ে ‘অযোগ্য’দের চাকরি দেওয়া হয়েছে। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তদন্তের ভিত্তিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় গত ১০ ফেব্রুয়ারি ১ হাজার ৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। পাশাপাশি বেতন ফেরতের কথাও বলেন বিচারপতি। পাশাপাশি তিনি এও বলেন, বরখাস্ত করার পর যে শূন্যস্থান তৈরি হবে তা অবিলম্বে পূরণ করতে হবে।

ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের থেকে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে। তারপরই চাকরিহারারা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ, সিঙ্গল বেঞ্চের বেতন ফেরতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়। তবে চাকরি বাতিল ও নতুন নিয়োগের বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল থাকে ডিভিশন বেঞ্চেও। ডিভিশন বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান চাকরিহারাদের একাংশ। তাঁদের দাবি, বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁদের কোনও কথা না শুনেই চাকরি বাতিলের নির্দেশ দেন। গত ৩ মার্চ সুপ্রিম কোর্ট, নতুন নিয়োগের ব্যাপারে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়।

About Post Author