Home » ব্যোমকেশ ছেড়ে এবার রহস্যভেদে গোয়েন্দা দীপক!

ব্যোমকেশ ছেড়ে এবার রহস্যভেদে গোয়েন্দা দীপক!

সময় কলকাতা ডেস্ক, ১৯ মে: আবীর চট্টোপাধ্যায়ের নাম শুনলেই আমাদের মনে পড়ে কিছু জনপ্রিয় গোয়েন্দা চরিত্রের কথা। যেমন- ব্যোমকেশ, ফেলুদা এমনকী সুবর্ণ সেন ওরফে সোনাদার চরিত্র। অসামান্য অভিনয় প্রতিভা সম্পূর্ণ অভিনেতা আবীর একের পর এক গোয়েন্দা চরিত্রে জনপ্রিয় হয়ে উঠেছেন ভক্তদের কাছে। এবার এই চরিত্রগুলি ছেড়ে বাংলা সাহিত্যের আরও এক নতুন গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। প্রথমবার বড়পর্দায় আসতে চলেছে স্বপনকুমারের গোয়েন্দা চরিত্র দীপক।

জানা গিয়েছে,সাহিত্যিক স্বপনকুমারের লেখা রহস্য রোমাঞ্চ গল্প ‘বাদামী হায়েনার কবলে’ অবলম্বনে তৈরি ছবিতে এবার দেখা যাবে আবীরকে। এই গল্পের মুখ্য চরিত্র দীপক চট্টোপাধ্যায়। আর তাঁরই ভূমিকায় দেখা আবীর চট্টোপাধ্যায়েকে। আর এই সিনেমাটি পরিচালনা করছেন ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজের পরিচালক দেবালয় ভট্টাচার্য। ছবিটির প্রযোজনায় রয়েছে হইচই ষ্টুডিও। হইচই স্টুডিওর হাত ধরেই পর্দায় আসছেন গোয়েন্দা দীপক। দেবালয় ভট্টাচার্যের পূর্ববর্তী সিরিজ কল্লোল লাহিড়ীর গল্প অবলম্বনে নির্মিত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দারুন জনপ্রিয়তা লাভ করে।

আরও পড়ুন   ফের মুক্তি পেল অনির্বাণের গলায় ছবির গান,সঙ্গে গলা মেলালেন দেবরাজ ভট্টাচার্য্য

এবার সেই জনপ্রিয়তার কারণেই বড় পর্দায় আবার দেবালয় ভট্টাচার্য নিয়ে আসতে চলেছেন আবীর অভিনীত নতুন এই ছবিটি। চিরাচরিত ব্যোমকেশ ও ফেলুদার চরিত্র থেকে একদম ভিন্ন রূপে আবীরকে দেখা যাবে এই নতুন সিনেমায়। গল্প অনুসারে তাঁর হাতে থাকবে টর্চ ও বন্দুক। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আবীর এবং ঋতাভরী চক্রবর্তী অভিনীত ছবি ‘ফাটাফাটি’। এই সিনেমাটি পরিচালনা করেছিলেন অরিত্র মুখোপাধ্যায়। গত ১২ মে এই ছবিটি মুক্তি পেয়েছে। আর এই ছবির রেশ কাটতে না কাটতে আবার এক নতুন ছবির খবর নিয়ে হাজির আবীর। খুব তাড়াতাড়ি কাজ শেষ হবে এই ছবির। জানা গিয়েছে এই বছর কালীপুজোতেই মুক্তি পাবে ‘বাদামী হায়েনার কবলে’।

About Post Author