Home » সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সময় কলকাতা ডেস্ক, ২৬ মে: সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফের অভিষেককে নোটিশ পাঠাতে পারে সিবিআই। কেননা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের মামলার পরবর্তী শুনানি আগামী ১০ জুলাই। তবে,কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা অভিষেক ও কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকার যে জরিমানা করেছিলেন, তাতে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবারই অভিষেকের মামলার বেঞ্চ বদল হয়। এরপর বিচারপতি মাহেশ্বরী ও বিচারপতি নরসিমার বেঞ্চে যায় ওই মামলা। শুক্রবার সেই বেঞ্চেই অভিষেকের মামলার শুনানি হয়।

বৃহস্পতিবারই কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও রক্ষাকবচ পেলেন না অভিষেক। এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে ওঠে মামলাটি। অভিষেকের আইনজীবী মনু সিংভি মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিক। তাঁকে কেন্দ্রীয় সংস্থাগুলি বারবার ডেকে পাঠাচ্ছে। এমনকী যখন তিনি কলকাতার বাইরে দলীয় কর্মসূচিতে ব্যস্ত তখন নোটিস পাঠানো হচ্ছে।”

আরও পড়ুন   মালদায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট

তবে সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ। যদিও অভিষেকের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, “আদালতের নিয়ম মেনে আবেদন করুন। শোনা হবে।” এদিকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বহাল রেখে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে সিবিআই জিজ্ঞাসাবাদের কথা বলেন। পাশাপাশি আদালতের সময় নষ্টের কথা উল্লেখ করে ২৫ লক্ষ টাকা জরিমানাও করেন। সুপ্রিম কোর্টের মামলায় ২৫ লক্ষ টাকা জরিমানার কথা উল্লেখ নেই। সেটি সংযুক্ত করার কথা বলেই নিয়মাফিক আবেদনের কথা বলা হয় এদিন।

About Post Author