সময় কলকাতা ডেস্ক,৭ জুনঃ ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বাংলার যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং যাঁরা আহত হয়েছেন,তাঁদেরকেও আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই কথাই রাখলেন মুখ্যমন্ত্রী। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্ষতিগ্রস্ত সেই পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে,বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত মোট ৮৬ জনের দেহ শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিন ওই ৮৬ জনের পরিবারকেই চাকরি দেওয়া হল। সেইসঙ্গে দেওয়া হল ৫ লক্ষ টাকাও। অন্যদিকে,গুরুতর আহতদের পরিবারকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হল। আর অল্প আঘাত পেয়েছেন, এমন ৬৩৬ জনকে আর্থিক সাহায্য করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ৭৯৯ জন পরিযায়ী শ্রমিককে মানবিক কারণে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এমনকী আগামী তিন মাস পরিযায়ী শ্রমিকদের ২০০০ টাকা করে দেওয়া হবে বলেই জানান মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে সরকারের তরফে সাহায্য বাবদ চাল, ডাল ইত্যাদি জিনিস তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। যাঁরা কাজ চাইবেন, প্রয়োজনে তাঁদের ১০০ দিনের কাজ দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন মমতা। তবে কেন নিহতদের পরিবারকে কেন্দ্রীয় সরকার চাকরি দিল না তা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, নতুন করে সনাক্ত প্রায় শতাধিক দেহ

ইতিমধ্যেই বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই দুর্ঘটনায় সরকারের কাছে সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেল বোর্ড। এমনটাই জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল দুর্ঘটনার পর এফআইআর দায়ের করেছে জিআরপি। তার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার সিবিআইয়ের ১০ জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। সিবিআইয়ের প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন। দুর্ঘটনা সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করবেন বলেই জানা গিয়েছে। সেই সঙ্গে নেওয়া হবে ওই দুর্ঘটনার সময় কর্তব্যরত রেলকর্মীদের বয়ানও। রেলের হিসাব অনুযায়ী ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের। যদিও ওড়িশা সরকারের হিসাব অনুযায়ী দুর্ঘটনায় মৃত ২৭৫ জন। ভয়াবহ এই দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা দ্রুত প্রকাশ্যে আনতে পারবে সিবিআই।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?