Home » খড়গপুরে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেনের বগি

খড়গপুরে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেনের বগি

সময় কলকাতা ডেস্ক,১১ জুনঃ করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতির রেশ কাটার আগেই গত একসপ্তাহ ধরে একাধিক ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। তার এক সপ্তাহের মাথায় ফের লাইনচ্যুত ট্রেন। ফের ছড়ালো আতঙ্ক। খড়গপুর স্টেশন ঢোকার মুখে বেলাইন হয়ে যায় মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেনের বগি। জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ গিরি ময়দান থেকে খড়গপুর ঢোকার মুখে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, লাইনচ্যুত হয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে ট্রেনের একটি বগি। ধীর গতিতে চালার জন্য বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ফলে রক্ষা পয়েছেন যাত্রীরা। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যদিও এদিন কীভাবে লাইনচ্যুত হল মেদিনীপুর-হাওড়া লোকাল, তা এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবারই ফের নতুন করে আতঙ্ক ছড়াল বালেশ্বরে। সূত্রের খবর, শুক্রবার রাত থেকেই রূপসা স্টেশনে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। শনিবার সকালে নজরে আসে ওই মালগাড়ির কামরা থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। সেই সময় স্টেশনে যাঁরা ছিলেন তাঁদের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। জানা গেছে, ওই মালগাড়িতে কয়লা বোঝাই ছিল। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে কী কারণে, আগুন লাগল তা এখনও জানা যায়নি। সপ্তাহজুড়ে বেশ কয়েকটি রেল দুর্ঘটনার খবর সামনে এসেছে। কখনও মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়েছে, কখনও আবার এক্সপ্রেস ট্রেনে এসি কামরায় আগুন লাগার ঘটনা।

আরও পড়ুন    তদন্তের স্বার্থে সিল করা হল স্টেশন, আপাতত কোনও ট্রেন থামবে না বাহানাগা বাজার স্টেশনে

এদিকে গত দুদিন আগেই ওড়িশায় মালগাড়ি দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। জাজপুরে ৪ জন শ্রমিককে পিষে দিল মালগাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁদের। আহত হয়েছেন আরও ৪ জন। জানা গিয়েছে, বুধবার জাজপুর রোড স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির তলায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিকরা। হঠাৎই চলতে শুরু করে মালগাড়িটি। তাতেই ৪ জন শ্রমিক পিষে যান একেবারে। ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে,বৃহস্পতিবার ওড়িশার নুয়াপাড়ায় পুরীগামী ট্রেনের এসি কামরার নীচে লেগে যায় আগুন। যদিও বড়সড় কোনও বিপদ এদিন ঘটেনি।

আরও পড়ুন    করমণ্ডল আতঙ্কের মাঝেই এবার পুরীগামী ট্রেনের এসি কোচের নীচে আগুন

জানা গিয়েছে, এদিন রাত ১০ টার পরে ওড়িশার নুয়াপাড়ায় ডাউন দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নীচে আগুন লেগে যায়। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে সেই আগুন লেগেছিল। খবর পেয়েই স্টেশনে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। রেলের কর্তারা জানিয়েছেন, ট্রেনের চেন টানার পর ব্রেক প্যাড ঠিকমতো কাজ করেনি। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে আগুন লেগে যায়। যদিও দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। কোচের মধ্যে আগুন ছড়ায়নি। কোনও হতাহতেরও খবর মেলেনি। রেল সূত্রে জানা গেছে, এক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত ১১ টা নাগাদ ফের গন্তব্যের দিকে ছোঁটে ডাউন দুর্গ-পুরী এক্সপ্রেস।

About Post Author