Home » করমণ্ডলকাণ্ডে ওড়িশার মর্গে দেহ শনাক্ত করতে এআই-নির্ভর ‘সঞ্চার সাথী’-র ব্যবহার

করমণ্ডলকাণ্ডে ওড়িশার মর্গে দেহ শনাক্ত করতে এআই-নির্ভর ‘সঞ্চার সাথী’-র ব্যবহার

সময় কলকাতা ডেস্ক,১১ জুনঃ যত দিন পেরোচ্ছে, ততই ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া, চুলচেরা বিশ্লেষণ। ঘটনাটি কেন ঘটল, কীভাবে ঘটল, তার মূল পর্যন্ত পৌঁছতে তদন্ত শুরু করেছে সিবিআই। তার চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে, দুর্ঘটনায় মৃত সকলের দেহ শনাক্ত করা ও পরিবারের হাতে তুলে দেওয়া। দিনের পর দিন যেন আরও অসম্ভব হয়ে উঠছে এই কাজ। কারও কারও মুখ থেঁতলে গেছে, চেনার উপায় নেই। তার উপর এবার সেগুলিতে পচন ধরতে শুরু করেছে। ফলে করমণ্ডলকাণ্ডে ওড়িশার মর্গে এখন কয়েকশো লাশের ভিড়। তাই এবার দেহ শনাক্ত করতে এক ধাপ এগিয়ে নতুন প্রযুক্তির সাহায্য নিচ্ছে রেল।

রেল মন্ত্রকের সাইবার সেলের তরফে জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে। আপাতত ঠিক করা হয়েছে, এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে কাজে লগিয়ে দেহগুলি শনাক্ত করা হবে। সাইবার বিশেষজ্ঞ প্রশান্ত সাহু জানিয়েছেন, মৃতের মুখের ছবি দেখে তার সিমকার্ড তথা মোবাইল নম্বরের সঙ্গে মেলানো এবং সেই নম্বরের সঙ্গে যোগ করা আধার কার্ড খুঁজে বার করে তাতে আঙুলের ছাপ মেলানো– এইভাবে কাজ হচ্ছে।

আরও পড়ুন   বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান মুখ্যমন্ত্রীর

বেশ কিছু ক্ষেত্রে সফল হচ্ছে পদ্ধতি। তবে কিছু দেহের এমনই অবস্থা, যে এইভাবেই পরিচয় বার করা যাচ্ছে না। এই কাজে প্রথমে আধার কার্ড বিশেষজ্ঞদের নিয়ে যাওয়া হচ্ছে মর্গে। তার পরে পরিচয়হীন দেহগুলির বাঁ হাতের বুড়ো আঙুলের হাতের ছাপ সংগ্রহ করা হবে। সেই সঙ্গে জোড়া হবে ‘সিম কার্ড ট্র্যাঙ্গুলেশন’ সিস্টেমকেও। এইভাবে এই শনাক্তকরন পদ্ধতিকে জোড়া হবে ‘সঞ্চার সাথী’ ব্যবস্থার মাধ্যমে। এভাবেই আধার কার্ড ও সিম কার্ডের যোগসূত্র বার করে মিলবে দেহের পরিচয়।

ইতিমধ্যেই ৬৫টি দেহের আঙুলের ছাপ পাওয়া গেছে। তবে সব দেহই নির্ভুলভাবে শনাক্ত হয়নি। তবে এই পদ্ধতিতেও সমস্যা হচ্ছে বিস্তর। কারণ বহু দেহেরই হাতের চামড়াও নষ্ট হয়ে গিয়েছে। ফলে সমস্ত দেহ থেকে আঙুলের ছাপ সংগ্রহ করা সহজ হচ্ছে না। ফলে তা আধার কার্ডের সঙ্গে মেলানোও মুশকিল। সেখানেই সাহায্য করছে ‘সঞ্চার সাথী’, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল এই পদ্ধতিতে মুখের ছবির সঙ্গে মোবাইলের সিমকার্ডের ফর্মের ছবি মেলানো সম্ভব। দিন কয়েক আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এই সিস্টেম লঞ্চ করেন। এভাবে ৪৪টি দেহ ইতিমধ্যেই শনাক্ত করা গেছে বলেই জানা গিয়েছে রেল সূত্রে।

About Post Author