Home » ভারতীয় ব্যাটিংয়ে কি যুগের অবসান?

ভারতীয় ব্যাটিংয়ে কি যুগের অবসান?

স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ১৩ জুনঃ অভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতা একটি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে? তবে কি বিশ্বসেরা ভারতীয় ব্যাটিংয়ে তারকাদের অধ্যায়ের অবসানের ইঙ্গিত দিচ্ছে ওভাল টেস্ট? ক্যানিংটন ওভালে বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের পঞ্চম দিনে স্কট বোল্যান্ডের বাঁক খাওয়ানো বল যখন বিরাট কোহলির ব্যাট ছুঁয়ে স্লিপে স্টিভ স্মিথের হাতে জমা পড়ল তখন ভাষ্যকার বলে উঠলেন ” দিস ইস দ্যা এন্ড। ” কিসের সমাপ্তি ছিল এই ক্যাচ?পঞ্চম দিনে ২৮০ রান করতে পারলে ভারত জিতবে, বিরাটের পতনের সঙ্গে সঙ্গে এই আশার সমাপ্তির কথা বলা হলেও এই সমাপ্তি অন্য কথা বলে। অপরাজিত ৪৪ রানের সঙ্গে মাত্র ৫ রান যোগ করে বিরাটের পতন হয়তো একটি উইকেটের পতনের বার্তা মাত্র ছিল না, ছিল একটি যুগের অবসানের বার্তা।

আরও পড়ুন   লক্ষ্য ৪৪৪, ক্রিকেট ইতিহাসে নজির হবে কিনা বলবে পঞ্চম দিনের ওভাল

শচীন -সৌরভ – দ্রাবিড় – লক্ষণের বিদায়ের পরে টেস্ট ক্রিকেটে যে ভারতীয় ব্যাটাররা প্রায় এক যুগ ধরে দ্যুতি ও জ্যোতি ছড়িয়ে চলেছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্ভবত তাঁদের যুগের অবসান ঘোষণা করল। নিঃসন্দেহে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠদের মধ্যে আসবেন বিরাট কোহলি কিন্তু বিগত চার বছর মোটেই ভালো কাটছে না কোহলির। বিরাটের বয়স ৩৪ বছর ৮ মাস। ক্রিকেটকে হয়তো আরও অনেক কিছু দেওয়ার থাকলেও ২০১৯ সালেই ২৭ তম টেস্ট সেঞ্চুরি পান কোহলি। তখন ভাবা হয়েছিল তিনি অবলীলায় শচীন দ্রাবিড়দের রেকর্ড ভাঙবেন। কিন্তু এর পরেই তাঁর ব্যাটে আসে এক দীর্ঘ খরা। প্রায় সাড়ে তিন বছর পরে ২০২৩ সালে এসে তিনি ২৮ তম টেস্ট শতরান পান। অর্থাৎ সাম্প্রতিক সময় মোটেই সুখকর ছিল না কোহলির কাছে।তবুও তাঁর ব্যাটিং গড় প্রায় ৪৯। আগামী কিছুদিন তিনি সময় পাবেন।

কিন্তু প্রশ্ন কতদিন? কারণ টপ অর্ডারের অন্যরাও যে মোটেই ধারাবাহিক না।টপ ফাইভ ওভালে খেলেছেন তাঁদের মধ্যে শুভমান গিল ছড়া সকলেই প্রায় ৩৫ বা ৩৫ এর উর্দ্ধে এবং বর্তমানের নিরিখে দাঁড়িয়ে বলা যায়,ধারাবাহিকতা কারও মধ্যে নেই। ব্যর্থতার কারণ আইপিএল বেশি খেলা আর এ নিয়ে প্রশ্ন উঠলেও এই প্রশ্ন যে নিরর্থক চেতেশ্বর পুজারা তার বড় প্রমাণ।পুজারা আইপিএল খেলেন না, টেস্ট ক্রিকেটে ভালো সাফল্য রয়েছে তাঁর। ৩৫ বছর ৫ মাস বয়সী পুজারা ২০১০ সালের অক্টোবর থেকে টেস্ট খেলছেন। বিরাট কোহলিকে বাদ দিলে ভারতীয় টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা বিজ্ঞাপন পুজারা ১০৩ টি টেস্ট খেলে ৪৩.৬০ রানের গড়ে ১৯ টি শতরান সহ ৭১৯৫ রান করেছেন।

কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই সেরা সময় তিনি পেরিয়ে এসেছেন কারণ সাসেক্স কাউন্টি দলের হয়ে রান করা আর আন্তর্জাতিক ক্রিকেটের রান করার মধ্যে ফারাক চোখে পড়ছে। তাই ক্যাচ পড়ার পরেও তিনি সুযোগের সদ্ব্যবহার করতে পারছেন না। অতঃপর রোহিত শর্মা।বয়স ৩৬ বছর ২ মাস।সদ্যসমাপ্ত আইপিএল একদমই ভালো কাটে নি তাঁর।ব্যাটে খরা কাটল না ওভালেও। দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করে ৬০ বলে ৪৩ রান করার পরে অহেতুক ঝুঁকি নিয়ে সুইপ করতে গিয়ে তিনি আউট হন। ২০১৩ সাল থেকে টেস্ট খেললেও বর্তমান ভারত অধিনায়ক মাঝে মাঝেই টেস্ট দল থেকে ছিটকে গিয়েছেন।৫০ টেস্টে ৩৪৩৭ রান করেছেন ৪৫.২২ গড়ে। শতরান ৯ টি। সুসময় তিনিও পেরিয়ে এসেছেন তা সাম্প্রতিক অতীতের ফর্ম থেকেই পরিষ্কার।তাঁর বয়স ও রোহিতের সেরা দিন ফিরে পাওয়ার ক্ষেত্রে অন্তরায়।

আরও পড়ুন    ভানুয়াটুর বিরুদ্ধে সুনীল ছেত্রী তাঁর ৮৬ তম গোল করে ভারতকে জেতালেন

আজিঙ্কা রাহানে টপ ফাইভ ব্যাটারদের মধ্যে একমাত্র তারকা যিনি আত্মবিশ্বাস ও সাহস নিয়ে দু ইনিংসেই প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ওভালে ভারতের সর্বোচ্চ ৮৯ রান তিনি করেন। আইপিএলে ভালো খেলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন।৩৫ পূর্ণ করেছেন রাহানে।গত এক দশকে ৮৩ টি টেস্টে ৫০০০ এর বেশি রান করেছেন। তবুও উল্লেখ্য বিগত দিনের খারাপ ফর্মের জন্য সম্প্রতি ভারতীয় দল থেকে তিনি বাদ পড়ে গিয়েছিলেন। ফলে আজিঙ্কা রাহানের ক্ষেত্রেও ধারাবাহিক শব্দটি একেবারেই প্রযোজ্য নয়। এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে । টপ ফাইভে পরিবর্তন অবশ্যম্ভাবী মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু অন্য প্রশ্ন থেকে যাচ্ছে। সৌরভ,শচীন, দ্রাবিড়দের বিদায়ে হাল ধরার জন্য ছিলেন শেহবাগ, গম্ভীর, যুবরাজ, ধোনি। ঠিক আজকের দিনে বিকল্প হিসেবে ভারতের তরুণ ব্যাটিং লাইন আপ কী আদৌ প্রস্তুত? যশস্বী জয়সোয়াল, ঋতুরাজ গাইকোয়াড় বা এমুহূর্তে আহত শ্রেয়স আইয়াররা কতটা প্রস্তুত সময়ই বলবে।

About Post Author