Home » ভানুয়াটুর বিরুদ্ধে সুনীল ছেত্রী তাঁর ৮৬ তম গোল করে ভারতকে জেতালেন

ভানুয়াটুর বিরুদ্ধে সুনীল ছেত্রী তাঁর ৮৬ তম গোল করে ভারতকে জেতালেন

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৩ জুন : ইন্টার কন্টিনেন্টাল কাপের গ্ৰুপ লিগের খেলায় ভানুয়াটুর বিরুদ্ধে ১-০ গোলে জিতে গ্রুপ শীর্ষে উঠে এল ভারত।ভানুয়াটুর বিরুদ্ধে জেতার ফলে দু খেলায় ছয় পয়েন্ট পেয়ে ভারত ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে তাদের ছাড়পত্র জোগাড় করে ফেলল। সোমবার ম্যাচের ৮০ মিনিটে একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী। এনিয়ে সুনীল ছেত্রী ১৩৫ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৮৬ তম গোল করে ফেললেন। এদিন ভানুয়াটুর বিরুদ্ধে গোল করে সুনীল ছেত্রী গোলটিকে তাঁর আসন্ন সন্তানের উদ্দেশ্যে উৎসর্গ করেন।

ভানুয়াটুর স্থান ফিফা ৱ্যাঙ্কিংয়ে বা বিশ্ব ফুটবল ক্রমতালিকায় ১৬৪ নম্বরে। তবুও এদিন তারা বিশ্ব ফুটবল ক্রমতালিকার ১০১ নম্বর দেশ ভারতকে ভারতের মাটিতে ৮০ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল। মাঝেমধ্যে কাউন্টার অ্যাটাক থেকে ভারতের গোলমুখ খোলার চেষ্টা করেছে তারা।অবশেষে শুভাশিসের ক্রস থেকে গোলটি করে যান সুনীল ছেত্রী। পর পর দুটি ম্যাচে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে ভানুয়াটু শেষ পর্যন্ত নাছোড়বান্দা মনোভাব দেখিয়ে গিয়েছে।

ভারতীয় মিডফিল্ড থেকে এদিন মহেশ নাওরেম সিং, লিস্টন কোলাসো এবং নন্দকুমার একের পর এক আক্রমণ তুলে আনলেও ফিনিশিং টাচের অভাবে গোল হয় নি।৪১ মিনিটে মহেশের ক্রশ সামান্যর জন্য সুনীল ছেত্রী মিস করেন। মহেশ এবং নন্দকুমার মাঝে মাঝে ফ্ল্যাঙ্ক বদল করে ভানুয়াটুর ডিফেন্স ভেদ করতে চেষ্টা করে যান। তবে শেষবেলায় লেফট ব্যাক শুভশীষ বোসের ক্রস থেকে সাফল্য আনেন সুনীল।

ইন্টার কন্টিনেন্টাল কাপের পরবর্তী ও গ্রূপের শেষ ম্যাচে সুনীল ছেত্রী ও মেন ইন ব্লু মুখোমুখি হবে লেবাননের। এদিন রীতিমত অবাক করে ফিফা ৱ্যাঙ্কিংয়ে ১৮৩ নম্বরে থাকা মঙ্গোলিয়া আটকে দেয় ফিফা ৱ্যাঙ্কিংয়ে ৯৯ নম্বরে থাকা লেবাননকে। খেলার ফলাফল ছিল গোলশূন্য।ভানুয়াটুর সঙ্গে মঙ্গোলিয়ার খেলা বাকি রয়েছে  ।।

আরও পড়ুন :গ্রাহকদের জন্য দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল

About Post Author