Home » ঠাকুরবাড়িতে অভিষেকের কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা, সিট গঠনের নির্দেশ দিল হাইকোর্ট

ঠাকুরবাড়িতে অভিষেকের কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা, সিট গঠনের নির্দেশ দিল হাইকোর্ট

সময় কলকাতা ডেস্ক,২১ জুন: ঠাকুরনগরের মতুয়া ধামে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই ঘটনায় অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেই মামলায় মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ঘটনার তদন্ত করতে রাজ্য পুলিশের সিট। এডিজি পদমর্যাদার কোনও অফিসারকে এই মামলার তদন্তে নিয়োগ করতে হবে বলে জানায় হাইকোর্ট। এদিনের শুনানিতে শান্তনু ঠাকুরের আইনজীবী রাজদীপ মজুমদার জানান, ওইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঠাকুরবাড়িতে যাবেন, তার আগে থেকে কোনও খবর ছিল না। মন্দিরে তখন রথের মিটিং চলছিল। প্রচুর ভক্ত ছিল। সেইসময় প্রচুর পুলিশ নিয়ে অভিষেক সেখানে আসেন। এবং জোর করে মন্দিরে ঢুকতে চান। সেই কারণেই অশান্তির সৃষ্টি হয়। অনেক ভক্ত এই ঘটনায় আহত হয়েছেন।

যদিও, মামলাকারীর এই অভিযোগ মিথ্যে বলে দাবি করেন অপর পক্ষের আইনজীবী। রাজ্যের তরফে এদিন আদালতে রাজ্যের তরফে জানানো হয়, সেদিন দুই জায়গায় ঘটনা ঘটেছিল। এক ঠাকুরবাড়িতে ও দ্বিতীয় হাসপাতাল চত্বরে। অভিষেকের এই কর্মসূচি আগে থেকেই পুলিশের অনুমতি নেওয়া ছিল। অভিষেক সেদিন মন্দিরে শুধু প্রণাম করতে গিয়েছিলেন, কোনও অশান্তি করতে নয়। এতে কারওর প্ররোচনা ছিল না। সেই ঘটনার তদন্ত চলছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। শুনানি শেষে বিচারপতি মান্থা এই ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দেন। রাজ্যের ডিজি মনোজ মালব্যকে এই সিট গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন    মনোনয়ন পর্বে জেলায় জেলায় অশান্তির জের, রাজভবনে খোলা হল ‘পিস রুম’

পাশাপাশি বলা হয়েছে, এই ঘটনায় মামলাকারীর এফআইআর নিতে হবে। সেদিনের ঘটনায় যেসব ভক্তদের শোন অ্যারেস্ট করা হয়েছে, তাঁদের অবিলম্বে জামিনে ছাড়তে হবে। তিনি নির্দেশে আরও বলেন, তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে দু’দিন দু’ঘণ্টার জন্য দেখা করবেন ওইসব ভক্তরা। তাঁরা জেলা ছাড়তে পারবেন না। সেইসঙ্গে মন্দির ও চাঁদপাড়া হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে হবে সিটের তদন্তকারী অফিসারকে। আগামী ১৮ জুলাই তদন্তে অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে, জানায় হাইকোর্ট।

About Post Author