Home » শেষবেলায় আমের স্বাদ পেতে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো ফিরনি, রইল রেসিপি

শেষবেলায় আমের স্বাদ পেতে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো ফিরনি, রইল রেসিপি

সময় কলকাতা ডেস্ক, ২৫ জুন : আমের মৌসম একেবারে শেষের দিকে। আবার সেই এক বছরের অপেক্ষা। আর এই শেষ বেলায় বাজার থেকে আম নিয়ে এসে রাজকীয় পদ ম্যাঙ্গো ফিরনি বাড়িতে বানিয়ে খেতে পারলে কেমন হয়? বাজারে এখন ভালো আম পাওয়া যাচ্ছে। তার স্বাদ একেবারে জমিয়ে উপভোগ করতে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো ফিরনি। শেষ পাতে অনেকের মিষ্টি খাওয়ার অভ্যেস থাকে। তাই এই আম দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারেন সুস্বাদু ম্যাঙ্গো ফিরনি। ছোট থেকে বড়ো সকলেই চেটেপুটে খাবে ম্যাঙ্গো ফিরনি। ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ :
চার থেকে পাঁচটা পাকা আম, ১ লিটার দুধ, স্বাদমতো চিনি, কাজুবাদাম, কিশমিশ, আমন্ড, পেস্তা, সামান্য এলাচ গুঁড়ো ও গোবিন্দ ভোগ চাল।


পদ্ধতি
প্রথমে গোবিন্দভোগ চালকে ভালো করে জলে ধুয়ে নিন। এবার পরিষ্কার করে এটিকে বেটে নিন। বাটার সময় খেয়াল রাখতে হবে চাল যেন একেবারে মিহি না হয়। একটু দানাদার রাখতে হবে।অপরদিকে, আমগুলিকে পরিষ্কার জলে ডুবিয়ে রাখুন। এবার আমের খোসাগুলি আলাদা করে আমটিকে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিন। একদম ভালোভাবে পেস্ট বানিয়ে নিন।কাজুবাদাম, আমন্ড, পেস্তা, কিশমিশ কুচিয়ে আলাদা করে রাখুন।

আরও পড়ুন  ছুটির দিনে নৈশভোজে বানিয়ে ফেলুন ‘পাঁচফোড়ন মুরগি’


এবার একটি কড়াইয়ে দুধকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিন। দুধ একটু ফুটে এলেই ওর মধ্যে চাল গুঁড়ো দিতে থাকুন এবং নাড়াতে থাকুন।চাল সেদ্ধ হয়ে এলেই তার মধ্যে চিনি যোগ করুন। যখন এই মিশ্রণটি ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমের পেস্টটি ঢেলে দিন। মাঝেমধ্যে খেয়াল রাখবেন পাত্রের তলায় যেন এটি লেগে না যায়। একটু ঘন হয়ে এলেই এর মধ্যে এলাচ দিয়ে দিন। একেবারে থকথকে হয়ে এলে উপরে ড্রাই ফ্রুটস্ দিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিন ও পরিবেশন করুন।

About Post Author