Home » ছুটির দিনে স্বস্তি! কলকাতা সহ একাধিক জেলায় রবিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস

ছুটির দিনে স্বস্তি! কলকাতা সহ একাধিক জেলায় রবিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক,২৫ জুনঃ ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। শুক্রবার থেকেই রাজ্যে প্রবেশ করেছে বৃষ্টি। কিন্তু,গুমোট আবহাওয়ার জেরে গত কয়েকদিন ধরেই বেড়েছিল ভ্যাপসা গরমও। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ যেন ওষ্ঠাগত। আবহাওয়া দপ্তর সুত্রে জানা গিয়েছে,রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার সকাল থেকেই আকাশ আকাশ মেঘলা। তাপমাত্রার পারদও নিম্নমুখী। এদিন সকালেই বেশকিছু জায়গায় মুষলধারে বৃষ্টি হয়েছে। দুপুর না গড়াতেই কলকাতা ও আশপাশের অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৯৪ শতাংশ।

আরও  পড়ুন   ফের ভারতীয় সীমান্তে ঢুকে পড়ল পাকিস্তানি ড্রোন

পূর্বাভাস বলছে, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও গত সপ্তাহেই বর্ষা প্রবেশ করেছে। যার জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৬ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।

About Post Author