Home » সন্ত্রাসের সঠিক রিপোর্ট পাঠাচ্ছে না প্রশাসন, উত্তরবঙ্গের উত্তপ্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখবেন রাজ্যপাল

সন্ত্রাসের সঠিক রিপোর্ট পাঠাচ্ছে না প্রশাসন, উত্তরবঙ্গের উত্তপ্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখবেন রাজ্যপাল

সময় কলকাতা ডেস্ক,২৭ জুনঃ পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সন্ত্রাস ও হিংসা নিয়ে ফের প্রশাসনকে তোপ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সোমবার শিলিগুড়িতে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, তাঁর কাছে ছাড়াই-বাছাই করে সন্ত্রাসের রিপোর্ট পাঠানো হয়। তাই উত্তরবঙ্গে যেখানে ভোট-অশান্তি, সেসব এলাকা সরেজমিনে খতিয়ে দেখবেন রাজ্যপাল । এদিন শিলিগুড়ির স্টেট গেস্টহাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে। তাই আমি গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখতে চাই সন্ত্রাস আর হিংসার ছবিটা কতখানি ভয়ংকর। আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে চাই। ভোটের অশান্তিতে তাঁদের জীবন কতটা প্রভাবিত, জানতে চাই। স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের থেকে সমস্যাগুলো না শুনলে পুরোটা বোঝা যাবে না। কারণ আমার কাছে সন্ত্রাসের যে রিপোর্ট এসে পৌঁছায়, তা ছাড়াই-বাছাই করে পাঠানো হয়।’ তিনি আরও জানান, শুধু দার্জিলিং নয়, যেখানেই ভোট-অশান্তি হয়েছে, সেখানেই তিনি পৌঁছে যেতে চান।

ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক দল নির্বিশেষে পদক্ষেপ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। রবিবার রাজভবনে দেড় ঘণ্টা ধরে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহকে এমনই পরামর্শ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কমিশন ‘নিরপেক্ষ ভূমিকা পালন করছে না’ বলে সরব হয়েছিল বিরোধীরা। এর মধ্যেই বুধবার রাজীবের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান রাজ্যপাল। এই পরিস্থিতির মধ্যে রবিবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার। সেই বৈঠকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে রাজীবকে পরামর্শ দিলেন রাজ্যপাল বোস। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে বেশ কয়েকটি বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয় রাজ্য নির্বাচন কমিশনারের। এখনও পর্যন্ত ভোটের জন্য কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে, রাজ্যপালকে তা জানান রাজীব।

আরও পড়ুন   অশান্ত মণিপুরে শান্তি ফেরাতে জরুরী বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এদিনের বৈঠকে রাজ্যপাল কমিশনারকে স্বাধীনভাবে কাজ করার কথা জানান। ভোটে অশান্তি কোনও ভাবেই যেন বরদাস্ত না করে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ করার কথা বলেন। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীকে যাতে সঠিক ভাবে কাজে লাগানো হয়, সে ব্যাপারেও রাজীবকে বার্তা দিয়েছেন রাজ্যপাল। স্পর্শকাতর বুথে বাড়তি নজর দেওয়ার কথাও বলেছেন রাজ্যপাল বোস। রাজভবন সূত্রে দাবি, রাজ্যপালকে রাজীব সিনহা জানান, এখনও পর্যন্ত সব কেন্দ্রীয় বাহিনী আসেনি। আবেদন মতো কেন্দ্রীয় বাহিনী এলেই এলাকায় মোতায়েন করা হবে। সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কমিশনের কাছে অভিযোগ জমা পড়লেও খতিয়ে দেখা হচ্ছে। মনোনয়ন-পর্বে অশান্তির আবহে রাজভবনে ‘পিস রুম’ খোলা হয়েছিল। সেখানে যে সব অভিযোগ পেয়েছে রাজভবন, সেই অভিযোগ নিয়ে রাজীবের সঙ্গে কথা হয় রাজ্যপালের। রাজভবন কোনও বিষয়ে রিপোর্ট চাইলে তা দিতেও কমিশনারকে বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

About Post Author