Home » ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বন্টন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, অভিষেকের জেলায় বিএসএফ, শুভেন্দুর জেলায় সিআরপিএফ

৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বন্টন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, অভিষেকের জেলায় বিএসএফ, শুভেন্দুর জেলায় সিআরপিএফ

সময় কলকাতা ডেস্ক,২৮ জুনঃ হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আপাতত ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয়  বাহিনী মোতায়েন করেছে। বাকি ৪৮৫ কোম্পানি বাহিনীর ব্যাপারে এখনও কোনও জবাব দেয়নি। এবার এই পরিস্থিতিতে জেলাওয়াড়ি ৩১৫ কোম্পানি ফোর্স বন্টন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় মোতায়েন থাকবে সিআরপিএফ। একইভাবে সিআরপিএফ মোতায়েন থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, বীরভূম ও ঝাড়গ্রামে।

দুই ২৪ পরগনায় পঞ্চায়েত ভোট সামলাবে বিএসএফ। একইভাবে সীমান্ত রক্ষা বাহিনী তথা বিএসএফ মোতায়েন থাকবে মুর্শিদাবাদ, হাওড়া, কোচবিহার, নদিয়া, মালদহ, দুই দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। এছাড়াও দুই বর্ধমানে মোতায়েন থাকবে এসএসবি। পুরুলিয়ায় ভোট সামলাবে সিআইএসএফ। অর্থাৎ রাজ্যের ২২টি জেলায় কোন ক্যাটেগরির ফোর্স কোথায় যাবে তা নির্বাচন কমিশনের দাবি মতো নির্ধারণ করে দিল অমিত শাহের মন্ত্রক।

আরও  পড়ুন     ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কোন ফোর্স কোথায় যাবে, জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

প্রসঙ্গত, এই ৩১৫ কোম্পানি বাহিনীর মধ্যে কোথায় কত মোতায়েন করা হবে তা কমিশন স্থির করে বাহিনীর কর্তাদের জানিয়ে দিয়েছিল। কিন্তু বিএসএফ-সিআরপিএফের কর্তারা বলেছিলেন, এভাবে মোতায়েনের তালিকা ধরালে চলবে না। যেহেতু কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি-র মতো পৃথক ফোর্স রয়েছে, তাই সেই সব ফোর্স ধরে ধরে ডিপ্লয়মেন্ট লিস্ট দিতে হবে। কিন্তু কমিশন জানিয়ে দিয়েছিল, তা রাজ্য নির্বাচন কমিশনের কাজ নয়। তা করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে।

এদিকে, হাইকোর্ট কমিশনকে শুধু ফোর্স মোতায়েনের নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে শেষমেশ কমিশনের দাবি মেনে নিল স্বরাষ্ট্র মন্ত্রক। কোথায় কোন বাহিনীর কত ফোর্স পাঠানো হবে তা স্বরাষ্ট্র মন্ত্রকই ঠিক করে দিল। সেই বাহিনী দ্রুত মোতায়েন শুরু হয়ে যাবে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণাতে পাঠানো হচ্ছে বিএসএফের ব্যাটেলিয়ন। মুর্শিদাবাদেও তাই। পুরুলিয়াতে পাঠানো হচ্ছে সিআরপিএফ ব্যাটেলিয়ন। অর্থাৎ জেলা ধরে ধরে কোন ফোর্স কোথায় যাচ্ছে তা জানিয়ে দেওয়া হল নির্বাচন কমিশনকে।

About Post Author