সময় কলকাতা ডেস্ক,২৮ জুনঃ ভোটের ১১ দিন আগেও নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে সেই প্রশ্নের জবাব মিলল না। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে দাবি, স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে পাঠানো সম্ভব নয়। কাজ চালাতে হবে ৩৩৭ কোম্পানি বাহিনী দিয়েই। সূত্রের খবর, বুধবার এ বিষয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছে কমিশন। তাদের যুক্তি, যেহেতু আদালতের নির্দেশেই মোট ৮২২ কোম্পানি চাওয়া হয়েছিল, তাই স্বরাষ্ট্রমন্ত্রকের না পারার বিষয়টি আদালতেই জানাবে কমিশন। প্রথমে তো পঞ্চায়েত ভোটের জন্য্ কমিশনের আরজিতে ২২ কোম্পানি বাহিনী ইতিমধ্যে রাজ্যে এসে গিয়েছে। তাদেরকে একাধিক জেলাতে মোতায়েনও করা হয়েছে।

আদালতের নির্দেশে আরও ৮০০ কোম্পানি চাওয়া হয়। এর প্রেক্ষিতে গত সপ্তাহে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানিয়ে চিঠি দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। বকেয়া ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে বেশ কয়েক দফায় চিঠি পাঠানো হলেও সমাধান সূত্রে ওম। সূত্রের খবর, যে ৩৩৭ কোম্পানি বাহিনী পাওয়া যাচ্ছে, তা দিয়েই পঞ্চায়েত ভোট করবে বলে মনস্থির করেছে কমিশন। তবে আদালতকেও বিষয়টি জানিয়ে রাখা হচ্ছে। কমিশন সূত্রে খবর, বুধবারের মধ্যেই দ্বিতীয় দফার ৩১৫ কোম্পানি বাহিনী বিভিন্ন জেলায় পৌঁছে যাবে। তাদের নির্দিষ্ট এলাকায় মোতায়েনের প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে।
আরও পড়ুন বুধেই রাজ্যে আসছে দ্বিতীয় দফার আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যে মোতায়েন করা হচ্ছে্ কেন্দ্রীয় বাহিনী। আদালতের নির্দেশের পর প্রতিটি জেলাতেই ইতিমধ্যে ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে।দ্বিতীয় দফায় আরও ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর জন্য সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। ওই বাহিনী বুধবার থেকেই জেলায় জেলায় পৌঁছাতে শুরু করবে এমনটাই আশা করছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজিব সিনহা। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাব মেনে কোন জেলায় সিআরপিএফ বা বিএসএফ-সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর কত কোম্পানি পাঠানো হবে তা স্থির করে দেবে মন্ত্রকই।

মঙ্গলবারই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শেষমেশ রাজ্য নির্বাচন কমিশনের দাবি মেনে নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই ৩১৫ কোম্পানি বাহিনীর মধ্যে কোথায় কত মোতায়েন করা হবে তা কমিশন স্থির করে বাহিনীর কর্তাদের জানিয়ে দিয়েছিল। বলা হয়েছিল, মুর্শিদাবাদে সবচেয়ে বেশি ২৬ কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে। ২২ টি জেলা ধরে ধরে কত বাহিনী আপাতত মোতায়েন করতে হবে তা জানিয়ে দেয় রাজ্য নির্বাচন কমিশন। কোথায় কোন বাহিনী কত নিয়োগ তা নিয়ে পারস্পরিক এই তরজায় গোটা ব্যাপারটাই থমকে ছিল। এহেন পরিস্থিতিতে কমিশনের দাবি মেনেই নিল স্বরাষ্ট্র মন্ত্রক। কোথায় কোন বাহিনীর কত ফোর্স পাঠানো হবে তা স্বরাষ্ট্র মন্ত্রকই ঠিক করে দিচ্ছে। তবে হাইকোর্টের নির্দেশ মতো আরও ৪৮৫ কোম্পানি বাহিনী দেওয়ার কথা স্বরাষ্ট্র মন্ত্রকের। এ ব্যাপারে দু’দফায় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠিয়ে রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তার জবাব এখনও স্বরাষ্ট্র মন্ত্রক দেয়নি। এর আগে কেন্দ্রের আইনজীবী আদালতে জানিয়েছিলেন যে পঞ্চায়েত ভোট কয়েক দফায় ভেঙে দিলে অতিরিক্ত বাহিনী আর মোতায়েন করতে হবে না। সম্ভবত সেই কথাই ফের আদালতকে জানাতে পারে কেন্দ্র। তবে কমিশন এখনও পর্যন্ত ভোটের দফা ভাঙতে রাজি নয়। ফলে সবটাই এখন আদালতের উপর নির্ভর করছে বলে মনে করা হচ্ছে।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ