Home » ঝাল-ঝোল নয়,নৈশভোজের মেনুতে থাকুক ‘মটন মহারাণী’

ঝাল-ঝোল নয়,নৈশভোজের মেনুতে থাকুক ‘মটন মহারাণী’

সময় কলকাতা ডেস্ক,২৯ জুনঃ সবসময় মটনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন ‘মটন মহারাণী’। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ‘মটন মহারাণী’। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই ‘মটন মহারাণী’ খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। ‘মটন মহারাণী’ আদতে একটি মোঘলাই খানা যা বাঙালির হেঁসেলে অনায়াসে বানানো যায়। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  বৃষ্টি ভেজা সন্ধ্যার আড্ডা জমিয়ে তুলতে বানিয়ে ফেলুন স্লাইস বাটার চিকেন রোল

উপকরণ
মটন ১ কেজি, গোটা জিরা ১ টেবিল চামচ, মৌরি এক চা চামচ, শুকনো লঙ্কা ২ টি, গোটা ধনে ১ চা চামচ। আর মটনটিকে ম্যারিনেট করার জন্য আমাদের নিতে হবে-কাশ্মীরি লাল লংকার গুঁড়ো ১ টেবিল চামচ, টক দই ৪ টেবিল চামচ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, কসৌরি মেথি ১ চা চামচ। মটন রান্নার জন্য লাগবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা -রসুন বাটা, দুধ অর্ধেক কাপ, কসৌরি মেথি ভাজা। গ্রেভি তৈরি করার জন্য লাগবে-কাঁচা লংকা, আমন্ড, কাজুবাদাম।

আরও পড়ুন    নিম্নচাপের জের! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

রান্নার পদ্ধতি
‘মটন মহারাণী’ বানানোর জন্য মটন গুলিকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর সেটিকে নুন, কাশ্মীরি লাল লংকার গুঁড়ো, টকদই, আদা- রসুন বাটা, কসৌরি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে দেড় -দুই ঘণ্টা রেখে দিতে হবে। একটা কড়াইতে নিয়ে গোটা জিরা, মৌরি, শুকনো লঙ্কা, গোটা ধনে দিয়ে হালকা আঁচে শুকনো করে ভেজে নিতে হবে। মিক্সিতে এই ভাজা মশলাটা গুঁড়িয়ে নিতে হবে। তারপর গ্রেভি তৈরি করার জন্য একটা মিক্সিতে কাঁচা লংকা, আমন্ড, কাজুবাদাম ও সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর একটি কড়াইতে তেল নিয়ে, তেল গরম হলেই তার মধ্যে ফোড়ন দিতে হবে। ফোড়ন হিসাবে দিতে হবে তেজপাতা, দারচিনি, এলাচ , লবঙ্গ।

এরপর এতে পেঁয়াজ দিয়ে একটু বাদামি করে ভেজে নিতে হবে। এর মধ্যে রসুন ও আদা পেস্ট দিয়ে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ না যাচ্ছে। পরে ম্যারিনেট করা মটনগুলি ওর মধ্যে ফেলে পরিমাণ মত নুন ও সামান্য চিনি দিয়ে সমস্ত উপকরণগুলিকে ১০ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। আবার ১০ মিনিট পর ভাজা মসলার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে, আরো ৫ থেকে ৭ মিনিট রান্না করতে হবে। এরপর এতে আমন্ড, কাজু ও দুধের পেস্ট দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষিয়ে নিয়ে আরো ৫ -৭ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর মটন সেদ্ধ হয়ে এলেই এর মধ্যে ১/২ কাপ গরম জল দিয়ে সবকিছু ভাল করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এরপর এর মধ্যে কাসুরি মেথি ও গরম মসলার গুঁড়ো দিয়ে আরও ১ মিনিটের মতো রান্না করতে হবে। এরপর তৈরি ‘মটন মহারাণী’।

About Post Author