Home » ছত্তিশগড়ের রাজনীতিতে নয়া সমীকরণ! এবার বাঘেলের ডেপুটি ‘বিরোধী’ টিএস সিং দেও

ছত্তিশগড়ের রাজনীতিতে নয়া সমীকরণ! এবার বাঘেলের ডেপুটি ‘বিরোধী’ টিএস সিং দেও

সময় কলকাতা ডেস্ক,২৯ জুনঃ ছত্তিশগড়ের রাজনীতিতে এবার নয়া সমীকরণ। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ডেপুটি হিসেবে জুড়ে দেওয়া হল টিএস সিং দেওকে। বুধবারই নতুন পদে শপথ নিলেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। ছত্তিশগড়ের রাজনীতিতে যিনি আবার বাঘেলের বিরোধী বলেই পরিচিত। এখন টিএস সিং দেওকে উপমুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস হাইকমান্ড কি বার্তা দিল?

আরও পড়ুন   অশান্ত মণিপুরে ‘মহব্বত কি দুকান’ নিয়ে রওনা রাহুল গান্ধির

দলীয় কোন্দল কংগ্রেস পার্টির নতুন কোনও ঘটনা নয়। প্রত্যেক রাজ্যে যেখানে কংগ্রেস এখনও ক্ষমতায় রয়েছে বা কিছুদিন আগেও ছিল। সেখানেই কংগ্রেসের মধ্যে আড়াআড়ি বিভাজন দেখা গিয়েছে।  রাজস্থানের গেহলত-পাইলট, কর্ণাটকে সিদ্দারামাইয়া-শিবকুমার, পঞ্জাবে অমরিন্দর-সিধু, মধ্যপ্রদেশে তো আবার ক্ষমতার লড়াই ছিল বহুমুখী। এদের মধ্যে অনেকেই দলীয় কোন্দলের কারণে দল ছেড়েছেন। বিজেপিতে যোগ দিয়ে এখনও ক্ষমতার বলয়ে রয়েছেন।

 

সেরকমই ছত্তিশগড়ের বাঘেল-দেও বিবাদও বহুলচর্চিত। ২০১৮ বিধানসভা নির্বাচনের আগেও মনে করা হয়েছিল, ছত্তিশগড়ে সরকারের প্রধান মুখ হবেন দেও। কিন্তু তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির উদ্যোগেই ওবিসি নেতা ভূপেশ বাঘেলকে মুখ্যমন্ত্রী করা হয়। এরপর থেকে বাঘেলের সঙ্গে কিছুটা ঠান্ডা লড়াই শুরু হয় দেওর। সময়ে সময়ে বিভিন্ন বিষয় নিয়ে বাঘেল সরকারের প্রতি তাঁর অনীহার কারণ তিনি প্রকাশ করেছেন। একটা সময় রাজনৈতিক মহলের ধারণা হয়েছিল। সিন্ধিয়া বা অমরিন্দরের পথ অনুসরণ করে তিনি দল ছাড়বেন। কিন্তু সেরকম কিছু ঘটেনি।

আরও পড়ুন   প্রকাশ্য রাস্তায় গুলি চন্দ্রশেখর আজাদকে, বরাত জোরে রক্ষা পেলেন ভিম আর্মি চিফ

আর কয়েক মাস পরেই ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন। তার আগে ড্যামেজ কন্ট্রোল করতে মরিয়া কংগ্রেস হাইকমান্ড। সোমবার সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধির উপস্থিতিতে ছত্তিশগড়ের নতুন উপমুখ্যমন্ত্রী হিসাবে টিএস সিংদেওর নাম বেছে নেওয়া হয়। বাঘেল গোষ্ঠীর এই বিক্ষুব্ধ নেতাকে ক্যাবিনেটে যুক্ত করার সিদ্ধান্ত আগামীদিনে কর্ণাটকের মত মাস্টারস্ট্রোক হয় নাকি পঞ্জাবের মত বুমেরাং হয়, তারই উত্তর মিলবে ভবিষ্যতে।

About Post Author