Home » প্রকাশ্য রাস্তায় গুলি চন্দ্রশেখর আজাদকে, বরাত জোরে রক্ষা পেলেন ভিম আর্মি চিফ

প্রকাশ্য রাস্তায় গুলি চন্দ্রশেখর আজাদকে, বরাত জোরে রক্ষা পেলেন ভিম আর্মি চিফ

সময় কলকাতা ডেস্ক,২৯ জুনঃ উত্তর প্রদেশ রয়েছে উত্তর প্রদেশেই। এবার প্রকাশ্য রাস্তায় গুলি করা হল ভিম আর্মি প্রধান ও ইউপির অন্যতম প্রধান দলিত নেতা চন্দ্রশেখর আজাদ রাবণকে। জানা গিয়েছে, বুধবার বিকেলে কয়েকজন সহযোগীকে নিয়ে সহরানপুরের দেওবন্দে গিয়েছিলেন তিনি। সেখানে একটি গাড়ি আচমকা তাঁর গাড়ির সামনে চলে আসে। তারপর তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। প্রায় চার রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। একটি গুলি ভিম আর্মি চিফ এর পেট ছুঁয়ে বেরিয়ে গেলেও তিনি প্রাণে রক্ষা পান। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় সহরানপুরের সরকারি হাসপাতালে।

আরও পড়ুন   পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর দাবি খারিজ কলকাতা হাইকোর্টে

হাসপাতাল সূত্রের খবর, এখন অনেকটাই স্থিতিশীল চন্দ্রশেখর। তাঁর শরীরের ভিতর গুলির কোনও অংশ মেলেনি। যদিও তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকেরা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। যেই গাড়িটিতে চড়ে তাঁরা এসেছিলেন সেটিকেও আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, গাড়িটিতে যে নম্বর প্লেট লাগানো ছিল সেটা হরিয়ানার। এখন দুষ্কৃতিরা হরিয়ানা থেকে কিভাবে উত্তরপ্রদেশে ঢুকে গুলি চালালো খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ।

ঘটনার পর উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। তাঁদের দাবি, গত বছর উত্তর প্রদেশে বিধানসভার আগে বিজেপি যে ম্যানিফেস্টো প্রকাশ করেছিল, সেখানে দাবি করা হয়েছিল যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর নাকি উত্তরপ্রদেশে শেষ হয়েছে সমাজবিরোধী রাজ। কিন্তু রাজ্যের অন্যতম দলিত নেতাকে প্রকাশ্য রাস্তায় গুলি করার ঘটনা উত্তরপ্রদেশের বিজেপি সরকারের ‘ডবল ইঞ্জিন’ সরকারের ব্যর্থতাকেই প্রমাণ করে।

আরও পড়ুন   বিজেপি-তৃণমূল সংঘর্ষে ফের রণক্ষেত্র কোচবিহারের দিনহাটা

কিছুদিন আগে পুলিশের সামনেই গুলি করে হত্যা করা হয় আতিক ও আশরাফকে। তারপর আবার শ্যুটআউটের ঘটনা উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলাকে আবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। চিকিৎসাধীন চন্দ্রশেখর, ঘটনার প্রাথমিক ধাক্কা কাটিয়ে বলেন এরকম আচমকা হামলা হতে পারে, তা তিনি কল্পনা করতে পারেননি। পাশাপাশি দলীয় কর্মীদের এসময় শান্ত থাকার বার্তা দিয়েও, তাঁর হুঁশিয়ারি আগামীদিনে তাঁদের লড়াই চলবে।

About Post Author