Home » পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর দাবি খারিজ কলকাতা হাইকোর্টে

পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর দাবি খারিজ কলকাতা হাইকোর্টে

সময় কলকাতা ডেস্ক,২৯ জুনঃ ৮ই জুলাই রাজ্যে হবে দ্বিস্তর ও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।  পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর দাবি খারিজ করে দিয়ে এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা দফা বাড়ানোর আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ভোট হবে এক দফাতেই এ ব্যাপারে ঢুকতে চাইল না কলকাতা হাইকোর্ট। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বুধবার তাঁর নির্দেশে জানিয়ে দিলেন, ভোট শান্তিুপূর্ণ ও অবাধ করতে রাজ্য সরকার যেন রাজ্য নির্বাচন কমিশনারকে ২০০ শতাংশ সহযোগিতা করে। পঞ্চায়েত ভোট নিয়ে আদালত অবমাননা মামলার এদিন শুনানি ছিল। ওই শুনানিতে রাজ্য সরকারের তরফে আইনজীবী ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্দেশে বিচারপতি বলেন, “আপনারা এক দফায় ভোট করাচ্ছেন। এর আগে কয়েক দফায় ভোট হয়েছিল। তবে এবার যেহেতু এক দফায় ভোট, তাই ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা দরকার। আপনারা যেন ২০০ শতাংশ সহযোগিতা করেন।”

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আগেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশন যথাযথ সাহায্য করছে না বলে অভিযোগ উঠেছে। কমিশন কবে কী করবে সেই সব খুঁটিনাটিতে আমরা যাচ্ছি না। তবে কমিশনকে মাথায় রাখতে হবে যে নির্বাচন ব্যবস্থার উপর যেন মানুষের আস্থা থাকে। ভোট যেন শান্তিপূর্ণ ও অবাধ হয়। তবে এখন দেখার, পঞ্চায়েত নির্বাচনে কী ৩৩৭ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে নাকি হাইকোর্টের নির্দেশ মতো আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছায়। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শেষমেশ রাজ্য নির্বাচন কমিশনের দাবি মেনে নিয়ে কোন ফোর্স কোথায় যাবে তা জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কলকাতা হাইকোর্টের নির্দেশে ৮০০ কোম্পানির মধ্যে আপাতত যে ৩১৫ কোম্পানি বাহিনী অনুমোদন করেছিল দিল্লি, তা খুব তাড়াতাড়ি জেলায় জেলায় পাঠানো হবে। সোমবার রাতে জানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। এবার কোন ক্যাটাগরির ফোর্স কোন জেলায় যাবে তাও জানিয়ে দিল তারা।

আরও পড়ুন    ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বন্টন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, অভিষেকের জেলায় বিএসএফ, শুভেন্দুর জেলায় সিআরপিএফ

প্রসঙ্গত, এই ৩১৫ কোম্পানি বাহিনীর মধ্যে কোথায় কত মোতায়েন করা হবে তা কমিশন স্থির করে বাহিনীর কর্তাদের জানিয়ে দিয়েছিল। কিন্তু বিএসএফ-সিআরপিএফের কর্তারা বলেছিলেন, এভাবে মোতায়েনের তালিকা ধরালে চলবে না। যেহেতু কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি-র মতো পৃথক ফোর্স রয়েছে, তাই সেই সব ফোর্স ধরে ধরে ডিপ্লয়মেন্ট লিস্ট দিতে হবে। কিন্তু কমিশন জানিয়ে দিয়েছিল, তা রাজ্য নির্বাচন কমিশনের কাজ নয়। তা করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। হাইকোর্ট কমিশনকে শুধু ফোর্স মোতায়েনের নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে শেষমেশ কমিশনের দাবি মেনে নিল স্বরাষ্ট্র মন্ত্রক। কোথায় কোন বাহিনীর কত ফোর্স পাঠানো হবে তা স্বরাষ্ট্র মন্ত্রকই ঠিক করে দিল। সেই বাহিনী দ্রুত মোতায়েন শুরু হয়ে যাবে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণাতে পাঠানো হচ্ছে বিএসএফের ব্যাটেলিয়ন। মুর্শিদাবাদেও তাই। পুরুলিয়াতে পাঠানো হচ্ছে সিআরপিএফ ব্যাটেলিয়ন। অর্থাৎ জেলা ধরে ধরে কোন ফোর্স কোথায় যাচ্ছে তা জানিয়ে দেওয়া হল নির্বাচন কমিশনকে।

About Post Author