Home » করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার জের, বদলি করা হল দক্ষিণ-পূর্ব রেলের জিএমকে

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার জের, বদলি করা হল দক্ষিণ-পূর্ব রেলের জিএমকে

সময় কলকাতা ডেস্ক,১ জুলাই ঃ গত জুন মাসের শুরুতেই ওড়িশায় ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় আঁতকে উঠেছিল গোটা দেশ। চারিদিকে শুধুই মৃত্যুমিছিল, হাহাকার। দুর্ঘটনার সেই রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি সাধারণ মানুষ। মর্মান্তিক এই দুর্ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর হাতে। এবার এই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বদলি করা হল দক্ষিণ-পূর্ব রেলের জিএম অর্চনা যোশিকে। তাঁকে রেল হুইল ফ্যাক্টরির জিএম পদে বদলি করা হল। তাঁর জায়গায় এবার দক্ষিণ-পূর্ব রেলের নতুন জিএম হলেন অনিল কুমার মিশ্র। শুক্রবার রাতে রেলবোর্ড বদলির এই নির্দেশিকা পাঠায়।

এর আগে ওড়িশার বাহানাগা স্টেশনে ট্রেন দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের ৪ জন পদস্থ কর্তাকে বদলি করা হয়েছিল। এবার বদলি করা হল দক্ষিণ-পূর্ব রেলের জিএম কে। ওয়াকিবহল মহল মনে করছে, বাহানাগা স্টেশনে রেল দুর্ঘটনায় অনেক রেল আধিকারিককেরই গাফিলতি ছিল। কিন্তু তাঁদের সেই গাফিলতির জন্য কড়া শাস্তি দেওয়া হচ্ছে না। শুধুমাত্র বদলি করে ওইসমস্ত রেল আধিকারিকদের শাস্তিকে লঘু করে দিচ্ছে রেল দফতর। এ ব্যাপারে রেল দফতরের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরাও। এই দুর্ঘটনায় বহু মৃত মানুষের পরিবার বিচার চাইছে।

আরও পড়ুন   করমণ্ডলের ভয়াবহ রেল দুর্ঘটনার ১০ দিনের মাথায় সিবিআই-এর জালে ৩ রেলকর্মী

ইতিমধ্যেই করমণ্ডলের ভয়াবহ রেল দুর্ঘটনার ১০ দিনের মাথায় সিবিআই-এর জালে তিন রেলকর্মী। সূত্রের খবর,সোমবার তদন্তের জন্য তিনজন রেলকর্মীকে আটক করেছে সিবিআই। জানা গিয়েছে, বাহানাগা বাজার স্টেশনের মাস্টার, একজন রেল টেকনিশিয়ান এবং আরও এক কর্মীকে আটক করা হয়েছে। কোনও অজ্ঞাত পরিচয় স্থানে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। ইতিমধ্যেই তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। যদিও বালেশ্বরে করমণ্ডলের ভয়াবহ রেল দুর্ঘটনার প্রথমদিন থেকেই রেল দুর্ঘটনার তদন্ত নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখে কুলুপ এঁটেছে সিবিআই। কার্যত সেকারণেই এই তিন রেলকর্মীকে জিজ্ঞাসাবাদ নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি। কোনও যান্ত্রিক ত্রুটি, সিগন্যাল বিভ্রাট, অন্তর্ঘাত না কি রেলকর্মীর গাফিলতি?

আরও পড়ুন   করমণ্ডলকাণ্ডে ওড়িশার মর্গে দেহ শনাক্ত করতে এআই-নির্ভর ‘সঞ্চার সাথী’-র ব্যবহার

ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটে গিয়েছে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই। এর আগে একাধিক রেলকর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। তাঁদের কল রেকর্ড খতিয়ে দেখা হয়। ঘটনার দিনের হোয়াটসঅ্যাপ মেসেজ, ইন্টারনেট সার্চ হিস্ট্রিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের খাতিরেই করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের লোকো পাইলটদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্যেই।

About Post Author