Home » ক্যানিং,ভাঙড়,কোচবিহারের পর এবার বাসন্তীতে রাজ্যপাল

ক্যানিং,ভাঙড়,কোচবিহারের পর এবার বাসন্তীতে রাজ্যপাল

সময় কলকাতা ডেস্ক,৩ জুলাইঃ হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি। তারপরই রাজ্যজুড়ে শুরু হয়ে যাবে পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে প্রতি জেলায়। ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। কোচবিহার থেকে শুরু করে ক্যানিং,ভাঙড়ে মাঝেমধ্যেই রাজনৈতিক সংঘর্ষের কথা উঠে আসছে। ইতিমধ্যেই কোচবিহার,ক্যানিং, ভাঙড়ের মতো জায়গায় গিয়ে পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই ময়দানে নেমে পড়েছেন। এবার বাসন্তীতে যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লার খুনের খবর পেয়েই বাসন্তী পৌঁছে গেলেন রাজ্যপাল। এদিন বাসন্তীতে যেখানে জিয়ারুল মোল্লা খুন হন, সেখানে গিয়ে এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। সূত্রের খবর, বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।


আরও পড়ুন    অজিত সহ ৯ জনের বিধায়ক পদ খারিজের আবেদন এনসিপির

প্রসঙ্গত,পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত বাসন্তী। শনিবার রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লার। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি তোলে মৃতের পরিবার। বাসন্তী থানার ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরাখালি এলাকায় রাস্তার পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। এরপর স্থানীয়রা খবর দেয় বাসন্তী থানার পুলিশকে। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় জিয়ারুলকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় জিয়ারুলের। পরিবারের দাবি, জিয়ারুল যুব তৃণমূল করতেন, সেই কারণে তাকে প্রায়শই খুনের হুমকি দেওয়া হচ্ছিল। পরিবারের অভিযোগ শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হতে হয়েছে জিয়ারুল মোল্লাকে।

এদিকে,পঞ্চায়েত ভোটের দিন যত এগিয়ে আসছে ততই যেন উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার। অশান্তি যেন কিছুতেই থামছেই না কোচবিহারে। মার পাল্টা মারের রাজনীতি চলছেই। কখনও গুলি, বোমা, কখনও ভাঙচুর। ভোটের আবহে ঘটেছে প্রাণহানিও। শাসক-বিরোধী তর্জায় বারবার শিরোনামে এসেছে কোচবিহার। এহেন পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই হিংসাকবলিত কোচবিহারে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। শাসক ও বিরোধীদের সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারে রাজ্যপাল শান্তির দূতের ভূমিকা নিক, এমনটাই আশা বিরোধীদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে কোচবিহারের সব বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবি তোলেন। তাদের অভিযোগ মূলত রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। অন্যদিকে কোচবিহারের তৃণমূল নেতা পার্থ প্রতীম রায় রাজ্যপালের নিরপেক্ষ ভূমিকা নিয়ে এই দিন প্রশ্ন তোলেন। এরপরই কোচবিহারের পুঁটিমারিতে পৌঁছে সেখানকার সাধারণ মানুষজনের অভিযোগ শোনেন তিনি। এমনকী কোচবিহারে গুলিবিদ্ধ হয়ে মৃত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে বিজেপি কর্মীর বাবা-মায়ের সঙ্গে কথাও বলেন রাজ্যপাল।

আরও পড়ুন    ‘পঞ্চায়েত ভোট সুষ্ঠু এবং অবাধ হোক’, কোচবিহারের সার্কিট হাউসে থেকে বার্তা রাজ্যপালের

About Post Author