Home » বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক, ১৫ জুলাই : জায়গা পাল্টালেও কংগ্রেস শাসিত রাজ্যেই কেন্দ্রের শাসক দলের পতনের নীতি নির্ধারণ করার লক্ষ্যে বিজেপির বিরোধী জোটের বৈঠকে চৰ্চা হবে ।উল্লেখ্য,পটনার পর এবার বেঙ্গালুরুতে বসছে বৈঠক । বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে  অংশ নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা যায়, বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে যোগ দিতে ১৭ জুলাই বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে যাবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উল্লেখ করা প্রয়োজন আগেই কংগ্রেস থেকে ২৪ টি দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল ।সেদিনই কংগ্রেসের তরফে বিরোধীদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেই নৈশভোজের আসরেও যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধী থাকছেন সেই নৈশভোজে যার কিনা আয়োজন করছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। ফলে নৈশভোজ বলে যাকে উল্লেখ করা হচ্ছে তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।অর্থাৎ আরও তাৎপর্যপূর্ণভাবেই এবার কংগ্রেস বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে নেতৃত্বের ব্যাটন নিজেদের হাতে তুলে নিচ্ছে।

আগামী ১৮ জুলাই বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধী জোটের বৈঠক। লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বিজেপি বিরোধী দলগুলি একজোট হওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। গত জুন মাসের ২৩ তারিখ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পৌরহিত্যে পটনায় প্রথমবার বিরোধী জোটের বৈঠক বসেছিল। সেই বৈঠকে আরজেডি, জেডিইউ ছাড়াও কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, আম আদমি পার্টি সহ মোট ১৫টি বিরোধী দল যোগ দিয়েছিল। সেই বৈঠকে জোট নিয়ে কোনও রফাসূত্রে না পৌঁছতে পারায়, বিরোধী দলগুলি ফের একবার বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমে ১২ বা ১৪ জুলাই হিমাচল প্রদেশের সিমলায় এই বৈঠক হওয়ার কথা থাকলেও, শেষ অবধি স্থানকাল বদলে, ১৮ জুলাই বেঙ্গালুরুতে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে পৌরহিত্যের দায়িত্ব পেয়েছে কংগ্রেস। দিন তিনেক আগেই কংগ্রেসের তরফে তৃণমূল থেকে আম আদমি পার্টি সহ মোট ২৪টি বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়।আম আদমি পার্টি যথারীতি কেন্দ্রীয় অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেসের অবস্থান সুস্পষ্ট করার কথা ইতিমধ্যেই তুলেছে। কংগ্রেসের যে এই দরকষাকষি পছন্দ নয় তা গত মাসের বৈঠকের সময় তারা সুস্পষ্টভাবে  জানিয়েছিল। ফলে এই একটি বিষয় নিয়ে ছন্দ কেটেই চলেছে বিরোধী জোটের। এখন দেখার সবদিকে ঐক্য বজায় রেখে একজোট হবার ক্ষেত্রে কতটা সাফল্যের পথ দেখাতে পারে বেঙ্গালুরু?

About Post Author