Home » উইম্বলডনের নতুন রাজা বছর কুড়ির আলকারেজ

উইম্বলডনের নতুন রাজা বছর কুড়ির আলকারেজ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ জুলাই: এক নতুন নায়কের জন্ম দিল উইম্বলডন। তিনি স্পেনের মাত্র ২০ বছরের কার্লোস আলকারেজ গারফিয়া। ১৩৬ তম প্রতিযোগিতার পুরুষদের ফাইনালে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচকে পরাস্ত করলেন তিনি। ৪ ঘন্টা ৪২ মিনিটের পাঁচ সেটের লড়াইয়ে খেলার ফল ১-৬, ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৪। ম্যাচ জিতে নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম নিশ্চিত করেন আলাকারেজ।

ফাইনালের আগে কতজনই বা জানতেন, আলকারেজের নাম? হাতে গুনে বলা যায় সংখ্যাটা। তাই উইম্বলডন ফাইনালে তাঁর থেকে খুব বেশি প্রত্যাশা কেউই করেননি। সবাই ভাবছিলেন স্ট্রেট সেটেই তাঁকে স্পেনের টিকিট হাতে ধরিয়ে, ২৪ তম গ্র্যান্ডস্লাম ও অষ্টম উইম্বলডনটি সার্বিয়ায় নিয়ে যাবেন জোকোভিচ। এই প্রত্যাশার অবশ্য কারণও ছিল শেষ দশ বছরে সেন্টার কোর্টে এখনও যে অপরাজিত সার্ব টেনিস তারকা। উইম্বলডনে এই ফাইনালের আগে পর্যন্ত টানা ২৮ ম্যাচে অপরাজিত। টমাস বার্ডিচের বিপক্ষে ২০১৭ সালে শেষবার হারের মুখ দেখেছেন। পঞ্চমবার জিতলেই ছুঁতে পারতেন আর এক টেনিস কিংবদন্তি রজার ফেডেররের টানা পঞ্চমবারের জয়ের রেকর্ডটি। তার উপর সামনে তুলনামূলক কম অভিজ্ঞ স্পেনীয় আলকারেজ। কিন্তু এদিন টেনিস দেবতা বোধ হয় অন্যরকম ভেবেছিলেন। সেই মুহূর্তেরই সাক্ষী থাকল লন্ডনের ঐতিহ্যশালী সেন্টার কোর্ট।

আরও পড়ুন   প্রয়াত ভারতের আন্তর্জাতিক ফুটবল তারকা প্রভাকর মিশ্র

এদিন যদিও ম্যাচের শুরুটা ছিল প্রত্যাশা মতোই জোকোভিচের পক্ষে। প্রথম সেটে একাধিকবার প্রবলতম প্রতিপক্ষের সার্ভিস ভাঙার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আলকারেজ। প্রথম সেট মাত্র ৩৪ মিনিটে জিতে নেন তিনি। সার্ব তারকার অভিজ্ঞতার কাছে স্নায়ুযুদ্ধে পরাস্ত হন ২০ বছরের আলকারেজ। খেলার ফল জোকারের পক্ষে ৬-১। দ্বিতীয় সেটে লড়াইয়ে ফেরেন স্প্যানিশ তারকা। টাইব্রেকারে জোকোভিচকে পরাস্ত করলেন ৮-৬ ব্যবধানে। চতুর্থ গেমে জোকারের সার্ভিস ভেঙে ম্যাচে ফেরেন আলকারেজ।

দ্বিতীয় সেটটির ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়। কারণ এই সেট একদিকে যেরকম নবীন টেনিস তারকাকে আত্মবিশ্বাস জোগায়, অপরদিকে সার্ব তারকার আত্মবিশ্বাসে কিছুটা টান পড়ে। এর সঙ্গে লন্ডনের কোর্ট ও হাওয়া কিছুটা সার্ব তারকার বিপক্ষেই গিয়েছে এদিন। এই সেটে দুই প্রবল প্রতিপক্ষের লড়াই হলেও সংখ্যা তত্ত্বের বিচারে জোকারের উপর নিয়ন্ত্রণ করলেন আলকারেজ। এই সেট তিনি জিতলেন ৬-১ ব্যবধানে।

দীর্ঘ বিরতির পর জোকার সমর্থকরা ভেবেছিলেন ম্যাচে ফিরবে তাঁদের প্রিয় তারকা। ফিরে এসে চমৎকার শুরু করেন তিনি। দাপট দেখিয়ে চতুর্থ সেট জেতেন ৬-৩ ব্যবধানে। ফলে খেলা গড়ায় পঞ্চম সেটে। পঞ্চম সেটে এমন কিছু ভুল করলেন সার্ব তারকা যে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। সুযোগ পেয়েও আলকারেজের সার্ভিস ভাঙতে পারেননি তিনি। এমনকি নিজের সার্ভিসও ধরে রাখতে পারেননি। তিনি যে মনস্তাত্বিক চাপের কাছে নতিস্বীকার করেছেন, তার প্রমাণ মিলল কোর্টের মধ্যে আছড়ে র‌্যাকেট ভাঙার ঘটনায়। শেষ পর্যন্ত লড়াই করেও ৪-৬ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হল জোকোভিচকে। অপরদিকে, স্নায়ুর যুদ্ধে জিতে নয়া নজির স্থাপন করলেন আলকারেজ।

আরও পড়ুন  মোদি পদবী মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাহুল গান্ধি

About Post Author