সময় কলকাতা ডেস্ক,২৫ জুলাই: ভয়াবহ দাবানলের কবলে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার জঙ্গল। এখনও পর্যন্ত কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। নিহতদের মধ্যে দেশটির ১০ সেনা সদস্যও রয়েছেন বলে জানা গেছে। আফ্রিকার এই দেশটির ১৬ প্রদেশে ৯৭টি দাবানল রেকর্ড করা হয়েছে। দাবানলে বন, ফসল এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি সূত্রে জানা গিয়েছে, ভয়াবহ এই দাবানলে ২৬ জন আহত হয়েছেন এবং ফেনাইয়া, বেজাইয়া, জাবারবার ও বুইরাতে ১৫০০ মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ৮ হাজার দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে।

আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় দশজন সেনা নিহত হয়েছেন। সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে আলজেরিয়ার কাবিলি অঞ্চলে। আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এই পার্বত্য অঞ্চল থেকে আগুন উপকূলীয় শহর বেজাইয়া এবং জিজেলের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। মূলত প্রবল বাতাসের কারণে আগ্রন দ্রুত ছড়িয়ে পড়ছে।
আরও পড়ুন কয়লা পাচার মামলায় ফের ইডি-র হাজিরা এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে তারা। বিবিসি সূত্রে জানা গিয়েছে, আলজেরিয়ার উত্তরাঞ্চল সাম্প্রতিক দিনগুলোতে রেকর্ড তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে। এমনকী এই অঞ্চলের অনেক স্থানেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আলজেরিয়ার আবহাওয়া অফিস সতর্ক করেছে, চলতি মাসের শেষ পর্যন্ত দেশের উত্তরে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?