সময় কলকাতা ডেস্ক,২৫ জুলাই: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি তথা প্রাক্তন সিবিআই কর্তা রূপক কুমার দত্ত। ইতিমধ্যেই এই বিষয়ে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। জানা গিয়েছে, গত এপ্রিল মাসে রাজ্যের তরফে রূপক দত্তের নাম প্রস্তাব করে রাজভবনে পাঠানো হয়। এরপরই রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই প্রস্তাবে সায় দিয়েছিলেন। সোমবার সেটাই মন্ত্রিসভার বৈঠকে তুলে ধরা হয়। সূত্রের খবর, বাংলার সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরকে পরামর্শ দেবেন রূপক।

সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদে তিনটি মেয়াদ কাজ করেছেন এই দুঁদে আইপিএস অফিসার। ২০১৭ সালে সিবিআই ডিরেক্টর পদে অন্যতম দাবিদার ছিলেন তিনি। কিন্তু তাঁর পরিবর্তে সিবিআইয়ের ডিরেক্টর করা হয়েছিল অলোক ভার্মাকে। এরপর তার পেরেন্ট ক্যাডারে ফেরত যান এই আইপিএস কর্তা। ২০১৭ সালে ফ্রেব্রুয়ারি মাসে তাঁকে কর্ণাটক পুলিশের ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ করা হয়। তাৎপর্যপূর্ণ হল, ডিজির দায়িত্ব নিয়েই সিবিআইয়ের কর্ম পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রূপক কুমার দত্ত। তাঁর বক্তব্য ছিল, যেভাবে সিবিআই বিভিন্ন কেসে তদন্ত চালাচ্ছে, তাতে এই প্রতিষ্ঠানের ব্যবস্থা অচিরে ভেঙে পড়তে পারে”। রূপক দত্তের সেই মন্তব্য নিয়ে সে সময়ে খুব আলোচনা হয়েছিল।
আরও পড়ুন চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান, আদালতের অনুমতি চেয়ে হলফনামা দিলেন অভিষেক

উল্লেখ্য,গত ২১ জুলাই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে এক সশস্ত্র যুবককে গ্রেপ্তার করা হয়। ওইদিন ধর্মতলার সভা মঞ্চে যোগ দেওয়ার আগেই তাঁর বাড়ির গলির ভিতর ওই যুবক একটি কালো গাড়ি নিয়ে ঢুকতেই ধরা পড়েন। হাজরা রোড এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মোড়ে কালীঘাট ক্রসিংয়ের চারমাথা মোড়েই গাড়ি নিয়ে ঢোকার মুখে বাধা পান। এরপরই তাঁর গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ভোজালি, আগ্নেয়াস্ত্র। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই যুবকের নাম নুর আমিন। তিনি পশ্চিম মেদিনীপুরের অলিগঞ্জ কসাইপাড়ার বাসিন্দা। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে ঠিক কী করছিল সে? তা নিয়ে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন।
তারমধ্যেই নতুন নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেলেন রূপক কুমার দত্ত। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিরোধীরা পুলিশ-প্রশাসনের দিকে আঙুল তুলছেন প্রতিনিয়ত। সেই পরিস্থিতিতে এই নিয়োগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


More Stories
বিচ্যুতি থাকবেই, ফুলপ্রুফ সিস্টেম বলে কিছু হয়না : শমীক ভট্টাচার্য
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?
বিজেপির বড় ধাক্কা, প্রশান্ত কিশোরের বাজিমাত