Home » অভিষেক-রুজিরার বিরুদ্ধে কেন লুক আউট নোটিশ? ইডিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

অভিষেক-রুজিরার বিরুদ্ধে কেন লুক আউট নোটিশ? ইডিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সময় কলকাতা ডেস্ক,২৫ জুলাই: ২৬ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান। সেখানে আগস্টের প্রথম সপ্তাহের তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। তা নিয়ে সোমবারই আদালতের অনুমতি চেয়ে হলফনামা দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৪টে ২৫ মিনিটে এই মামলার শুনানি ছিল। শুনানির সময় এদিন সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় ইডিকে। এদিন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল বলেন, ‘এক বছর হয়ে গেল তদন্ত করছেন। তদন্ত এখনও শেষ হয়নি। আপনারা যখন মনে হচ্ছে, তলব করছেন। তার পরেও কীসের ভিত্তিতে লুক আউট নোটিস জারি করে রেখেছেন?’ এরপরই বিচারপতি বলেন, বিদেশে সফর করা কোনও ব্যক্তির অধিকার, যদি তিনি না পালিয়ে যান। কেন আপনারা পুরো বিষয়টি জটিল করছেন? কেন লুক আউট নোটিশ জারি করা হয়েছে? এদিন সুপ্রিম কোর্ট ইডির কাছে স্পষ্ট করে জানতে চেয়েছে, কেন অভিষেকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়েছে, এবং কেন চিকিৎসার জন্য তিনি বিদেশ সফরে যেতে পারবেন না?

এদিন আদালতে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল জানান, চিকিৎসার জন্য তাঁর মক্কেলকে এক মাস আমেরিকায় গিয়ে থাকতে হবে। এর আগেও অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বিদেশ সফরে গিয়েছিলেন। তার পর সময়ের মধ্যে ফিরেও এসেছেন। কপিল সিব্বল তাঁর সওয়ালে বলেন যে, অভিষেকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে রাখা রয়েছে কিনা তাঁদের স্পষ্ট করে জানা নেই। ইডি তাঁদের জানায়নি। তবে তাঁরা আশঙ্কা করছেন যে অভিষেকের বিরুদ্ধেও লুক আউট নোটিস জারি করে রাখা রয়েছে। এদিন ইডির তরফে আদালতে সওয়াল করেছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। তিনি জানিয়েছেন, এ ব্যাপারটা নিয়ে ইডির সঙ্গে কথা বলে তার পর তিনি আদালতকে জানাতে পারবেন। এহেন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিসান কল ও বিচারপতি সুধাংশু ধুলিয়া জানিয়েছেন, মামলার পরবর্তী শুনানি হবে ২৮ জুলাই। অর্থাৎ এই বিষয়টি পরিস্কার যে ২৬ শে জুলাই আমেরিকা যেতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন   মুখ্যমন্ত্রীর নয়া নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন প্রাক্তন সিবিআই কর্তা রূপক কুমার দত্ত


উল্লেখ্য, আগামী ২৬ জুলাই থেকে ২০ আগস্ট আমেরিকায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ আগস্ট আমেরিকার হাসপাতালে তাঁর অ্যাপয়েনমেন্ট রয়েছে। চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য সময় লাগবে। ওই চব্বিশ দিন তিনি যে দেশের বাইরে থাকবেন, তা গত ১৫ জুলাই ইডিকে জানিয়েছিলেন। কিন্তু তাদের তরফে কোনও উত্তর আসেনি। তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। ইডি সূত্রে খবর, হলফনামায় অভিষেক জানিয়েছেন, গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাঁ চোখের অস্ত্রোপচারের জন্য আমেরিকায় থাকতে হয়। বাল্টিমোরের মেরিল্যান্ডে দ্য জন হপকিন্স হাসপাতালের চিকিৎসক ডেভিড এল গুইটন তাঁর চোখের অস্ত্রোপচার করেন। এবারও চিকিৎসক ডেভিডকেই দেখানোর কথা তাঁর। এর আগে মার্চ মাসে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন অভিষেক। কিন্তু কিছু সমস্যার জন্য সেই সময় তিনি বিদেশে যেতে পারেননি। তাই ই-মেলের মাধ্যমে পরে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেন। ইতিমধ্যেই প্রমাণ হিসাবে হলফনামার সঙ্গে চিকিৎসকের সঙ্গে ইমেলে কথোপকথনের নথিও জমা দিয়েছেন অভিষেক।

About Post Author