Home » বৃষ্টির দিনে বাড়িতে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে দই ইলিশ

বৃষ্টির দিনে বাড়িতে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে দই ইলিশ

সময় কলকাতা ডেস্ক, ২৬ জুলাইঃ ইলিশ মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি বোধহয় খুব কমই দেখা যায়। পাতুরি হোক বা ভাজা-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ইলিশ মাছ। বাজারে এখন ভালো ইলিশ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন দই ইলিশ। বাঙালির রান্নাঘরে থাকে নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাবার। সবসময় ইলিশ মাছের একই পদ কার ভালো লাগে বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন দই ইলিশ। দই ইলিশ বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ইলিশ মাছ-৫টি
জল ঝরিয়ে রাখা টক দই-১০০ গ্রাম
আম তেল-স্বাদ মতো
পাঁচ ফোড়ন গুঁড়ো-দু’চা চামচ
হলুদ-এক টেবিল চামচ
লবঙ্গ-আধ চা চামচ
দারচিনি-এক টুকরো
শুকনো লঙ্কা-২টি
টম্যাটো কুচি-আধ কাপ
পেঁয়াজ বাটা-আধ কাপ

আরও পড়ুন      বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে ভেটকি মাছের ধোকা

প্রণালী
প্রথমে ইলিশ মাছগুলি ভাল করে ধুয়ে নিয়ে নিন। এবার একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মাছগুলির সঙ্গে মিশ্রণটি ভাল করে মিশিয়ে ম্যারিনেট করে ঘণ্টা খানেক রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে লবঙ্গ, দারচিনি ও এলাচ ফোড়ন দিন। একটু নেড়ে নিয়ে পেঁয়াজবাটা, টম্যাটো কুচি, কাঁচালঙ্কা, আধ কাপ টক দই মিশিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে ম্যারিনেট করে রাখা মাছগুলি দিয়ে দিন। হালকা হাতে মাছগুলি উল্টে-পাল্টে দিন যাতে মাছের গায়ে মশলা ভাল ভাবে লাগে। এবার আধ কাপ মতো গরমজল দিয়ে ঢেকে দিন। ঝোল শুকিয়ে এলে উপর থেকে ধনেপাতা আর আমতেল ছড়িয়ে ভাত বা পোলাও-এর সঙ্গে গরম গরম পরিবেশন করুন দই ইলিশ।

About Post Author