সময় কলকাতা ডেস্ক, ২৯ জুলাইঃ বিদেশ যাত্রা মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরার জন্য দিল্লিতে ডাকা যাবে না। যা কিছু জিজ্ঞাসাবাদ,কলকাতাতেই করতে হবে। শুক্রবার ইডির আইনজীবীকে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এদিন অভিষেক মামলার শুনানিতে ইডির আইনজীবী এসবি রাজু জানিয়েছেন, কলকাতায় জেরা করতে অসুবিধা হয়। তদন্তকারী অফিসারদের এখান থেকে কলকাতায় যেতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সাংসদ। তিনি এমনিই দিল্লিতে আসেন। অভিষেকের দিল্লিতে ইডি দফতরে আসতে অসুবিধা থাকার কথা নয়। এর আগে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ইডি ডাকলে দিল্লিতেই প্রশ্নের জবাব দিতে আসতে হবে অভিষেক-রুজিরা। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন অভিষেক ও রুজিরা। সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের রায়ের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। সেই স্থগিতাদেশই এদিন বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ইডিকে ৬ সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। ইডি সুপ্রিম কোর্টে তাদের মত জানানোর পর, অভিষেক-রুজিরা, আরও দু’সপ্তাহ পাবেন তাঁদের বক্তব্য জানাতে।

এর আগে অভিষেক মামলায় শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় ইডিকে। বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল বলেন, ‘এক বছর হয়ে গেল তদন্ত করছেন। তদন্ত এখনও শেষ হয়নি। আপনারা যখন মনে হচ্ছে, তলব করছেন। তার পরেও কীসের ভিত্তিতে লুক আউট নোটিস জারি করে রেখেছেন?’ এরপরই বিচারপতি বলেন, বিদেশে সফর করা কোনও ব্যক্তির অধিকার, যদি তিনি না পালিয়ে যান। কেন আপনারা পুরো বিষয়টি জটিল করছেন? কেন লুক আউট নোটিস জারি করা হয়েছে? এদিন সুপ্রিম কোর্ট ইডির কাছে স্পষ্ট করে জানতে চেয়েছে, কেন অভিষেকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়েছে, এবং কেন চিকিৎসার জন্য তিনি বিদেশ সফরে যেতে পারবেন না?
আরও পড়ুন সুপ্রিম কোর্টে সবুজ সংকেত, বিদেশ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

এরপরই ওইদিন আদালতে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল জানান, চিকিৎসার জন্য তাঁর মক্কেলকে এক মাস আমেরিকায় গিয়ে থাকতে হবে। এর আগেও অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বিদেশ সফরে গিয়েছিলেন। তার পর সময়ের মধ্যে ফিরেও এসেছেন। কপিল সিব্বল তাঁর সওয়ালে বলেন যে, অভিষেকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে রাখা রয়েছে কিনা তাঁদের স্পষ্ট করে জানা নেই। ইডি তাঁদের জানায়নি। তবে তাঁরা আশঙ্কা করছেন যে অভিষেকের বিরুদ্ধেও লুক আউট নোটিস জারি করে রাখা রয়েছে। এদিন ইডির তরফে আদালতে সওয়াল করেছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। তিনি জানিয়েছেন, এ ব্যাপারটা নিয়ে ইডির সঙ্গে কথা বলে তার পর তিনি আদালতকে জানাতে পারবেন।


More Stories
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের
অভিষেকের অফিসে ভাঙচুর