সময় কলকাতা ডেস্ক,৩০ জুলাইঃ ফের ইসরোর মুকুটে নয়া সাফল্যের পালক। চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণের পর এবার সিঙ্গাপুরের ৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর রকেট। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ পিএসএলভি-সি৫৬ নামে ওই রকেট উৎক্ষেপণ করা হয়েছে তামিলনাড়ুর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। এটি ইসরোর ৪৩১তম বিদেশি স্যাটেলাইট উৎক্ষেপণ। জানা গিয়েছে, রকেটে ৭টি স্যাটেলাইট রয়েছে।

এই উৎক্ষেপণের প্রধান স্যাটেলাইট ডিএস-সার। এটি তৈরি করেছে এসটি ইঞ্জিনিয়ারিং ও সিঙ্গাপুর সরকারের প্রতিরক্ষা বিজ্ঞান বিভাগ। এই স্যাটেলাইট সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থার জন্য উন্নত প্রযুক্তি সম্পন্ন ছবি সংগ্রহ করবে। এছাড়াও রয়েছে আরও ৬টি স্যাটেলাইট। সেগুলি মাইক্রো বা ন্যানো স্যাটেলাইট। প্রত্যেকটির পৃথক পৃথক কাজ রয়েছে। জানা গিয়েছে,পিএসএলভি-সি৫৬ নামে ওই রকেট বাণিজ্যিক কাজের জন্য তৈরি করা হয়েছে। এমনকী যে কৃত্রিম উপগ্রহগুলি মহাকাশে পাঠানো হয়েছে, সেগুলি ওই দেশের সরকারের বিভিন্ন তথ্য সংগ্রহের কাজে লাগবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন চন্দ্রযান-৩ বিগত দুটি অভিযানের কী শিক্ষা নিয়ে কোন লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে?

এর আগে গত ১৪ জুন চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণ করেছিল ইসরো। ২০১৯ সালেও চন্দ্রযান-২ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু তারপর চাঁদে অবতরণের সময় ল্যান্ডার ‘বিক্রম’ বিচ্ছিন্ন হয়ে আচমকা ভেঙে পড়েছিল। তবে এবার তা হওয়ার আশঙ্কা নেই বলেই জানা গিয়েছে। ইসরোর দাবি, আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাই সফলভাবেই সে চাঁদের দক্ষিণ প্রান্তে ‘সফট ল্যান্ডিং’ করতে পারবে। আগস্ট মাসেই তা চাঁদে অবতরণ করার কথা। এরপরই এবার একসঙ্গে ৭টি স্যাটেলাইট মহাকাশে পাঠাল ভারত।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর