Home » সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড গুজরাটের হাসপাতালে

সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড গুজরাটের হাসপাতালে

সময় কলকাতা ডেস্ক,৩০ জুলাইঃ ভয়াবহ অগ্নিকাণ্ড গুজরাটে। রবিবার ভোরবেলা বিধ্বংসী আগুন লাগে আমেদাবাদের বহুতল একটি হাসপাতালের বেসমেন্টে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা হাসপাতাল চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকে।

এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একটি দাতব্য প্রতিষ্ঠান ওই হাসপাতালটি চালায় বলেই সূত্র মারফত জানা গিয়েছে। হাসপাতালে অগ্নি নির্বাপণ ব্যবস্থায় যথাযথ ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ২০-২৫টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় ১০০ রোগীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন    এবার ম্যাঞ্চেস্টার ডার্বিতে ভাইকিং ডুয়েল! রেকর্ড অর্থের বিনিময়ে ইউনাইটেডে হইল্যান্ড

দমকল আধিকারিকরা জানিয়েছেন, হাসপাতালের দ্বিতীয় বেসমেন্টে আগুন লেগেছে। কিন্তু এদিন ঠিক কি কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। হাসপাতালে কোনও দাহ্য পদার্থ মজুত ছিল কিনা, ইতিমধ্যেই তা খতিয়ে দেখা হচ্ছে। তবে,কয়েকদিন ধরেই হাসপাতালে মেরামতির কিছু কাজ চলছিল। একাধিক জিনিসপত্র বেসমেন্টে রাখা ছিল। সেখান থেকেই বিপত্তি ঘটেছে বলে মনে করা হচ্ছে।

About Post Author