সময় কলকাতা ডেস্ক,২ আগস্ট: মণিপুরে শান্তি ফেরাতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দারস্থ হল ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাঁর কাছে স্মারকলিপি জমা দিলেন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা। এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন শরদ পাওয়ার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সঞ্জয় রাউত প্রমুখ। তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। স্মারকলিপিতে রাষ্ট্রপতির কাছে জানানো হয়েছে,সংসদের বাদল অধিবেশনে আর দেখা মিলছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মণিপুরে হস্তক্ষেপ করুন রাষ্ট্রপতি। পাশাপাশি এদিন রাজ্যসভার সাংসদ তৃণমূল নেত্রী সুস্মিতা দেব রাষ্ট্রপতির কাছে আরজি জানিয়েছেন, মণিপুরের দুই নির্যাতিতা মহিলাকে রাজ্যসভায় পাঠানো হোক।

এদিকে মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। একইসঙ্গে তিনি মণিপুরের হিংসার ঘটনার তদন্তের জন্য সুপ্রিম কোর্টের অধীনে তদন্তকারী দল গঠনের আবেদনও জানিয়েছেন। পাশাপাশি মণিপুরে ইন্টারনেট ব্যান তুলে দেওয়ার আবেদন জানান মহিলা কমিশনের প্রধান। ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্বাতী মালিওয়াল মণিপুর ইস্যুতে চিঠি লিখে রাষ্ট্রপতি শাসনের আর্জি জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, মণিপুরবাসী সরকারের উপর পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেছে। দুই গোষ্ঠীর মধ্যে গত চার মাস ধরে অশান্তি শুরু হয়েছে। হিংসার পাশাপাশি যৌন নিগ্রহের ঘটনাও ঘটেছে। ত্রাণের কোনরকম ব্যবস্থা পর্যন্ত কড়া হয়নি। সবটা দেখেও মণিপুর সরকার চুপ করে রয়েছে। মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় দ্রুত সিবিআই তদন্তের প্রয়োজন।
আরও পড়ুন শিক্ষা ক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করতে রাজভবনে ‘অ্যান্টি করাপশন সেল’ খুললেন রাজ্যপাল

প্রসঙ্গত, গত সপ্তাহেই অশান্ত মণিপুরে যান ‘ইন্ডিয়া’ জোটের ১৬টি দলের মোট ২০ জন প্রতিনিধি। মণিপুর পৌঁছেই তাঁরা দুই দলে ভাগ হয়ে যায়। একদল পাহাড়ি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ কুকিদের সঙ্গে দেখা করে। অন্যদলটি উপত্যকায় মেইতেই সম্প্রদায়ের সঙ্গে দেখা করে। উপত্যকার ইম্ফল থেকে পাহাড়ের চূড়াচাঁদপুর– দুই প্রতিনিধিদল সর্বত্র গিয়েছে। ত্রাণ শিবিরগুলিতে মহিলা ও শিশুদের করুণ পরিস্থিতি দেখে স্তম্ভিত তাঁরা। গত রবিবার সকালে মণিপুরের রাজ্যপালের সঙ্গে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদল দেখা করেছে। বিরোধীদের দাবি, গত ৮৯ দিন ধরে প্রধানমন্ত্রী যেভাবে মণিপুর নিয়ে মৌনব্রত নিয়েছেন, তাতেই বোঝা যায়, মণিপুর নিয়ে তাঁর মানসিকতা কী। এদিন রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে মণিপুর ইস্যুতে স্মারকলিপি তুলে দেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। মণিপুরের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ‘ইন্ডিয়া’ জোটের ২১ জন সাংসদ। তাঁদের জমা দেওয়া স্মারকলিপিতে রীতিমতো তীব্র ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ শানানো হয় বলেই সূত্রের খবর।


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?